আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথি, হাসপাতালের রেকর্ড ও চিকিৎসার ব্যবস্থাপত্রে নারীদের নাম লেখা নিষিদ্ধ করেছে তালেবান। সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদেরও নারীদের নাম ধরে সম্বোধন করতে নিষেধ করা হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইস।
প্রতিবেদন অনুযায়ী, নারীদের নামের জায়গায় কোথাও ‘বিবি’, আবার কোথাও ‘ছাগল’ বা ‘গরু’ লেখা হচ্ছে। আফগান সমাজে ‘বিবি’ বলতে দাদি বা বয়স্ক নারীকে বোঝায়। আফগান অধিকারকর্মী লালা ওসমানি এই চর্চাকে নারীর মর্যাদা কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।
ওসমানির আশঙ্কা, একাধিক নারীর চিকিৎসার নথিতে একই পরিচয় ব্যবহার করা হলে রোগী শনাক্ত করতে ভুল হতে পারে। এতে ভুল চিকিৎসা বা ভুল ওষুধ দেওয়ার ঝুঁকি বাড়বে।
সন্তানের জন্মসনদসহ সরকারি নথিতে নারীদের নাম অন্তর্ভুক্তির দাবিতে ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারাভিযান শুরু করেন ওসমানি। এর ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণে একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
পরিচয়সংক্রান্ত নথির অভাবে কী ধরনের সমস্যা হতে পারে, তা উঠে এসেছে বর্তমানে স্পেনে নির্বাসিত আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতায়। সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে তিনি সমস্যায় পড়েন। সন্তানদের জন্মসনদে তাঁকে মা হিসেবে শনাক্ত করার মতো তথ্য ছিল না।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবরের আশঙ্কা, বালখের এই নিষেধাজ্ঞা একসময় সারা দেশে কার্যকর হতে পারে। তাঁর ভাষ্য, তালেবান আগেও স্থানীয়ভাবে জারি করা বিধিনিষেধ পরে দেশজুড়ে কার্যকর করেছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।