আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার পাশাপাশি বিকল্প হিসেবে বাণিজ্যিক ফ্লাইট ও স্থলসীমান্ত ব্যবহারের পরিকল্পনাও রয়েছে তার। এমনকি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠ সহযোগীরা।
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে প্রত্যর্পণের প্রশ্নে নতুন কূটনৈতিক জটিলতার মুখে পড়েছে ভারত।
শুক্রবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসানের পর ভারতে চলে যান ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে দিল্লিতে অবস্থান করছেন তিনি। তার মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশের মহান বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর।
দেশে ফিরতে একাধিক পরিকল্পনা
শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা অরিন বিবিসিকে জানিয়েছেন, দেশে ফেরার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের কাছে দিল্লি থেকে বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করার দাবি জানানো হবে। তা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলসীমান্ত ব্যবহার করে দেশে ফেরার চেষ্টা করা হতে পারে।
অরিন বলেন, ‘তিনি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’
ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। অরিনের দাবি, এই সীমান্তের নয়টি সম্ভাব্য প্রবেশপথ চিহ্নিত করেছেন শেখ হাসিনার সমর্থকেরা।
তবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকার।
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ওই রায় কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। যদিও বিচারপ্রক্রিয়ায় যথাযথ আইনি পদ্ধতি অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে নিরাপত্তা বাহিনীর হাতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাস্তবতা ও আকাঙ্ক্ষা এক বিষয় নয়। শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।
অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।
পাঁচ লাখ সমর্থক জড়ো করার দাবি
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে শুধু ব্যক্তিগত প্রত্যাবর্তনের পরিকল্পনা হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাদের মতে, এর মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় আবারও নিজেদের অবস্থান তৈরি করতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
আবু ওবায়দা অরিনের দাবি, ভারতে অবস্থান করেও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। গত ১৮ মাসে টেলিগ্রামের মাধ্যমে ৩০০টির বেশি অডিও বৈঠক করেছেন তিনি। এসব বৈঠকে দেশের ৬৪ জেলা ও ৩০০ নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে এসব বৈঠকের আয়োজন করা হয়েছে। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলেছে বলেও দাবি করেন অরিন।
তার ভাষ্য, শেখ হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত পাঁচ লাখ সমর্থক জড়ো হতে পারেন। মানবপ্রাচীর তৈরি করে তাকে অভ্যর্থনা জানানোর পরিকল্পনা রয়েছে তাদের।
তবে এই পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকে বিদেশে অবস্থান করছেন। কেউ কারাগারে, আবার কেউ আত্মগোপনে রয়েছেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণের সুযোগ সীমিত।
এর মধ্যেও দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের ঝটিকা মিছিল ও বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব কর্মসূচিকে কেন্দ্র করে কোথাও কোথাও সংঘাতের ঘটনাও ঘটেছে।
সংঘাত পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনায় অংশ নিয়েছেন।
রাজনৈতিক বিভক্তিকে কাজে লাগানোর চেষ্টা
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পেছনে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের কৌশলও থাকতে পারে। জুলাই অভ্যুত্থানের সময় ঐক্যবদ্ধ থাকা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বর্তমানে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য দেখা দিয়েছে।
ডেইলি ওয়াদারের সম্পাদক ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলমের মতে, জুলাই সনদ, সাংবিধানিক সংস্কার ও গণভোট নিয়ে মতবিরোধ বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে দূরত্ব বাড়িয়েছে।
তার ধারণা, রাজনৈতিক শক্তিগুলোর এই বিভক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।
তবে বিচ্ছিন্ন বিক্ষোভ কিংবা সহিংস কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতা দিয়ে দলটির ব্যাপক রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে বলে সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা।
শেখ হাসিনাকে নিয়ে কূটনৈতিক চাপে ভারত
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর থেকেই বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপড়েন চলছে। দিল্লিতে অবস্থান করে তার বিভিন্ন রাজনৈতিক বক্তব্য ঢাকার অসন্তোষ আরও বাড়িয়েছে।
অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে যোগাযোগের উদ্যোগ নিয়েছে ভারত। তবে দুই দেশের সম্পর্ক এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সর্বশেষ ঘোষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর পড়েছে।
তার মতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত বিভিন্ন উদ্যোগ নিলেও প্রত্যাশিত ফল পায়নি। বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বাদ দেওয়াও ভারতের স্বার্থের অনুকূল নয় বলে মনে করেন তিনি।
অন্যদিকে ঢাকার বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যর্পণ, ট্রানজিট সুবিধা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে রয়েছে।
১৬ ডিসেম্বর ঘিরে বাড়ছে অনিশ্চয়তা
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এখনো নিশ্চিত নয়। তবে ঘোষিত তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
ঢাকাভিত্তিক এক পররাষ্ট্রনীতি বিশ্লেষকের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ডিসেম্বর মাসে বিক্ষোভ ও সংঘাতের আশঙ্কা রয়েছে। তবে শেষ মুহূর্তে তার দেশে ফেরার পরিকল্পনা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
অ্যাকলেডের দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়ার মতে, মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে তার এই ঘোষণা সমর্থকদের উজ্জীবিত করেছে।
বিবিসির বিশ্লেষণ অনুযায়ী, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্ককেও আরও জটিল করে তুলছে।
সূত্র: বিবিসি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।