রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দোকানের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল। মালিক অমিত ঘোষের দাবি, স্বর্ণ, রুপা ও হীরার মিলিয়ে প্রায় দুই হাজার ভরি অলংকার এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা খোয়া গেছে।
ঘটনার পর থেকে দোকানের একজন ও বিপণিবিতানের দুজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে চুরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সঞ্জীব শীলের ভাষ্য, সিসিটিভি ফুটেজে কয়েকজনকে দোকানে ঢুকতে দেখা গেছে। নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন তাঁদের প্রবেশে সহযোগিতা করেন বলে দাবি করেন তিনি।
শনিবার দুপুরে পুলিশ বিপণিবিতানটি ঘিরে রাখে। অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।