কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে দল বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছাড়বেন বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে এ বক্তব্য তুলে ধরা হয়। রাত সাড়ে ১০টার পর ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে পাল্টা আঘাতের কথা বলতে শোনা যায়। তাঁর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভার জুগিয়া ভাটাপাড়া এলাকায় জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলা হয়। এ সময় ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড তাজা গুলি ও সাতটি গুলির খোসা উদ্ধার করে।
হামলায় আহত জামায়াতের ছয় কর্মী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার বিষয়ে জানতে আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।