রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতা ও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের শ্বশুরবাড়ি থেকে মো. হাবিবুর রহমান নামে যুবলীগের এক নেতাকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক হাবিবুর রহমান নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুন খানের শ্বশুর আব্দুর রশিদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন হাবিবুর রহমান। সেখানে তিনি আত্মগোপনে ছিলেন বলে স্থানীয়দের দাবি।
তার বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন তাকে আটক করেন। এ সময় উত্তেজিত কয়েকজন ব্যক্তি তাকে কিল-ঘুষি মারেন বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে আটক হাবিবুর রহমানকে পুঠিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরবর্তী সময়ে পুঠিয়া থানা পুলিশ তাকে নাটোর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা রয়েছে। এ কারণে তাকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।