Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

জামানত ছাড়াই ৫ লাখ টাকা ঋণ, বাংলাদেশ ব্যাংকের নতুন স্কিমে পাবেন যারা

দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই স্কিমের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, শিক্ষার্থী এবং প্রবাসীদের পরিবারের সদস্যরা সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

দেশের প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ১ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই স্কিমের আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা, ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, শিক্ষার্থী এবং প্রবাসীদের পরিবারের সদস্যরা সহজ শর্তে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

এ তহবিল থেকে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১০ লাখ এবং দলগতভাবে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ। বিশেষ সুবিধা হিসেবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হবে না।

সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এসব তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

কারা পাবেন এই ঋণ সুবিধা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সমাজের বিভিন্ন প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে এ স্কিমের আওতায় অগ্রাধিকার দেওয়া হবে।

এর মধ্যে রয়েছেন রিকশাচালক, ভ্যানচালক, জেলে, চর্মকার, স্বর্ণকার, ফেরিওয়ালা, কামার, কুমার, দরজি, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, প্লাম্বার, ইলেকট্রিক ও ইলেকট্রনিকস যন্ত্রপাতি মেরামতকারী, ক্ষুদ্র তাঁতি এবং চা-শ্রমিক।

পাশাপাশি মুদি দোকানি, ভ্রাম্যমাণ কাপড় ও খাবার বিক্রেতা, চা-পান বিক্রেতা, ফুল-ফল ও শাকসবজি ব্যবসায়ী, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী এবং মোবাইল ব্যাংকিং এজেন্টরাও ঋণ সুবিধা পাবেন।

এ ছাড়া ফ্রিল্যান্সিং, নার্সারি, কুটিরশিল্প, হস্তশিল্প ও অন্যান্য উদ্ভাবনী ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এ তহবিল থেকে ঋণ গ্রহণের সুযোগ পাবেন।

প্রান্তিক কৃষক ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার

নতুন স্কিমে স্মার্ট কার্ডধারী প্রান্তিক ও ভূমিহীন কৃষকদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে স্মার্ট কার্ড না থাকলেও প্রকৃত প্রান্তিক কৃষকেরা যাতে ঋণ সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নদীভাঙন, ঘূর্ণিঝড়, বন্যা ও অগ্নিকাণ্ডের মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উপকূলীয় ও হাওর অঞ্চলের বাসিন্দারাও অগ্রাধিকার পাবেন।

একই সঙ্গে প্রবাসী কর্মী, রেমিট্যান্স সুবিধাভোগী পরিবারের সদস্য, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকেও এ সুবিধার আওতায় রাখা হয়েছে।

নারী উদ্যোক্তাদের জন্য ২৫ শতাংশ ঋণ বরাদ্দ

নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে নতুন তহবিলের মোট ঋণের অন্তত ২৫ শতাংশ নারী ঋণগ্রহীতা ও উদ্যোক্তাদের মধ্যে বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

এর ফলে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা, নতুন উদ্যোগ গ্রহণ এবং বিদ্যমান ব্যবসা সম্প্রসারণে নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীরাও পাবেন ঋণ

নতুন এই স্কিমে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ঋণ সুবিধা রাখা হয়েছে।

২৫ বছর বয়স পর্যন্ত স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীরা বৃত্তিমূলক, কারিগরি ও তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের জন্য ঋণ নিতে পারবেন। শিক্ষাজীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থীদেরও এ সুবিধার আওতায় রাখা হয়েছে।

পাশাপাশি এমবিবিএস, বিডিএস, প্রকৌশলসহ উচ্চশিক্ষার ব্যয় নির্বাহ এবং প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কেনার জন্যও ঋণ গ্রহণের সুযোগ রয়েছে।

তবে শিক্ষার্থীদের ঋণের ক্ষেত্রে অভিভাবকের পক্ষ থেকে ঋণ পরিশোধের নিশ্চয়তা থাকতে হবে।

ব্যক্তিগত ঋণ ১০ লাখ, দলগত ঋণ ৪০ লাখ টাকা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, একজন যোগ্য ঋণগ্রহীতা ব্যক্তিগতভাবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।

অন্যদিকে দুই থেকে পাঁচজন সদস্য মিলে দল গঠন করলে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করা যাবে। দলগত ঋণের ক্ষেত্রে প্রত্যেক সদস্য ব্যক্তিগত ও যৌথভাবে ঋণ পরিশোধের জন্য দায়বদ্ধ থাকবেন।

তবে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের ক্ষেত্রে জামানত দেওয়ার প্রয়োজন হবে না। এর বেশি ঋণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের প্রযোজ্য শর্ত অনুসরণ করতে হবে।

সুদের হার ও ঋণ পরিশোধের সময়সীমা

বিশেষ এই পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। গ্রাহক পর্যায়ে ঋণের বার্ষিক সুদের হার সর্বোচ্চ ৭ শতাংশ।

ঋণ পরিশোধের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। অর্থাৎ অনুমোদিত শর্ত অনুযায়ী ঋণগ্রহীতা কিস্তি পরিশোধ শুরুর আগে সর্বোচ্চ ছয় মাস সময় পেতে পারেন।

তবে কোনো ঋণখেলাপি ব্যক্তি এই স্কিমের আওতায় নতুন ঋণ গ্রহণ করতে পারবেন না।

ঋণ পেতে কী করতে হবে

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঋণ গ্রহণের জন্য গ্রাহকের ১০, ৫০ অথবা ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাব থাকতে হবে।

অংশগ্রহণকারী ব্যাংকগুলো তাদের শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে ঋণ বিতরণ করতে পারবে।

তবে ঋণ অনুমোদনের ক্ষেত্রে আবেদনকারীর যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সংশ্লিষ্ট ব্যাংকের যাচাই-বাছাই প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত চার্জের বাইরে ঋণ প্রক্রিয়াকরণ ফি হিসেবে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ঋণ বিতরণে থাকবে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি

ঋণের যথাযথ ব্যবহার এবং বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে প্রতি তিন মাস পরপর তদারকি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জামানত ও প্রয়োজনীয় আর্থিক সক্ষমতার অভাবে প্রচলিত ব্যাংকঋণ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক অর্থায়নের আওতায় আনা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই তহবিল ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।