বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’ প্রকাশিত এই তালিকায় ৯২তম অবস্থানে রয়েছেন তিনি। তালিকায় স্থান পাওয়া একমাত্র ভারতীয় অভিনয়শিল্পীও শাহরুখ।
বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তি অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি এই তালিকায় শাহরুখের পেছনে রয়েছেন হলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা। তাঁদের মধ্যে আছেন জোয়াকিন ফিনিক্স, জেনডায়া, এমা স্টোন, এডি মারফি ও সিলভেস্টার স্ট্যালোন।
চার দশকের বেশি সময়ের অভিনয়জীবন, দর্শকপ্রিয়তা এবং চলচ্চিত্রে দীর্ঘস্থায়ী প্রভাবের বিবেচনায় শাহরুখ খানকে তালিকায় অন্তর্ভুক্ত করেছে সাময়িকীটি।
শাহরুখের অভিনয়জীবনের প্রতিনিধিত্বমূলক চলচ্চিত্র হিসেবে ‘দেবদাস’কে বেছে নিয়েছে ভ্যারাইটি। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ২০০২ সালের এই সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেন মাধুরী দীক্ষিত, ঐশ্বরিয়া রাই, জ্যাকি শ্রফ ও কিরণ খের।
শাহরুখের অভিনয়শৈলীর প্রশংসা করে ভ্যারাইটি তাঁর স্বতঃস্ফূর্ত উপস্থাপনা, রসবোধ এবং পর্দায় নিজস্ব ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার দক্ষতার কথা উল্লেখ করেছে। একই সঙ্গে দীর্ঘ ক্যারিয়ারে সময়ের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার সক্ষমতাকেও গুরুত্ব দিয়েছে সাময়িকীটি।
নব্বইয়ের দশকের শুরুতে ‘বাজিগর’ ও ‘ডর’-এর মতো চলচ্চিত্রে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন শাহরুখ। এরপর রোমান্টিক নায়ক হিসেবে বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেন তিনি।
বিশেষ করে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তাঁর অভিনয়জীবনে নতুন মাত্রা যোগ করে। পরবর্তী সময়ে রোমান্টিক, কমেডি ও ভিন্নধর্মী চরিত্রের পাশাপাশি অ্যাকশন সিনেমাতেও সাফল্য পান তিনি। সাম্প্রতিক সময়ে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে নতুনভাবে আলোচনায় আসেন এই তারকা।
৯০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করা শাহরুখ খান দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক দর্শকের ভালোবাসা অর্জন করেছেন।
তালিকার শীর্ষ দশে যারা
ভ্যারাইটির প্রকাশিত তালিকায় প্রথম স্থানে রয়েছেন হলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরো। দ্বিতীয় অবস্থানে হামফ্রে বোগার্ট এবং তৃতীয় স্থানে রয়েছেন নির্বাক চলচ্চিত্রের কিংবদন্তি চার্লি চ্যাপলিন।
চতুর্থ স্থানে জ্যাক নিকলসন এবং পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন ক্যাথরিন হেপবার্ন।
তালিকার ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে সিডনি পোয়াটিয়ে, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, জাপানি অভিনেতা তোশিরো মিফুনে এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।
সাময়িকীটির ভাষ্য অনুযায়ী, অভিনয়দক্ষতা ও জনপ্রিয়তার পাশাপাশি চলচ্চিত্রের ইতিহাসে তারকাদের প্রভাব, সাংস্কৃতিক গুরুত্ব এবং বর্তমান সময়েও তাঁদের প্রাসঙ্গিকতা বিবেচনায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ
এদিকে নতুন অ্যাকশন সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও অভয় ভার্মা।
বিশ্ব চলচ্চিত্রের কিংবদন্তিদের তালিকায় জায়গা পাওয়া এবং নতুন সিনেমার প্রস্তুতি—সব মিলিয়ে আবারও আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউডের ‘কিং খান’।
সূত্র: ইস্টার্ন আই
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।