চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের তাইইউয়ান শহরে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা যান।
চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেন সংশ্লিষ্ট কর্মীরা।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। এরপর ভবনের ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। এ সময় ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
অগ্নিকাণ্ডে মোট ১৪ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
তবে কী কারণে ভবনটিতে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ এবং ঘটনার বিস্তারিত পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।