দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।
রাতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আইজিপি।
বিশেষ করে গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো এবং নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চার জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ
পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন আইজিপি।
একই সঙ্গে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর কথা বলা হয়েছে।
আইজিপি নির্দেশনায় বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তবে অভিযান পরিচালনার সময় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
তিন দিনে ১৯ বাসে আগুন, ২৭ স্থানে ককটেল বিস্ফোরণ
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার (৭ নভেম্বর) থেকে সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
একই সময়ে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা দায়ের করা হয়েছে এবং ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সম্ভাব্য সহিংসতা প্রতিরোধে পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন আইজিপি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।