Skip to content
সর্বশেষ
ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

বিমানবন্দরের সামনে গ্রেনেড, পেছনের ফটক দিয়ে বের হলেন মন্ত্রী

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রধান ফটকের পাশ থেকে দুটি গ্রেনেড উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নিরাপত্তার স্বার্থে তাঁকে বিমানবন্দরের পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে বিমানবন্দরের প্রধান প্রবেশপথের পাশে ফুলগাছের মধ্যে গ্রেনেডসদৃশ দুটি বস্তু দেখতে পান এক পথচারী। বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানানো হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরের প্রধান ফটক সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের চলাচলের জন্য বিকল্প প্রবেশপথ ব্যবহার করা হয়।

পরে এসআরবি-৫ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) যৌথ উদ্যোগে গ্রেনেড দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

দুপুর ২টার দিকে পবা উপজেলার পাকুড়িয়া আশ্রয়কেন্দ্রের পেছনের একটি ফাঁকা মাঠে গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করা হয়। এ জন্য প্রায় তিন ফুট গভীর গর্ত তৈরি করে বালুর নিচে গ্রেনেডগুলো রাখা হয়। এরপর বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান।

বিস্ফোরণের শব্দে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকায় কম্পন অনুভূত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গ্রেনেডের উৎস নিয়ে তদন্ত

সংশ্লিষ্ট সূত্রের দাবি, উদ্ধার হওয়া গ্রেনেড দুটি উচ্চমাত্রার ধ্বংসক্ষমতাসম্পন্ন। এগুলো সাধারণত বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত গ্রেনেডের ধরনের সঙ্গে মেলে না।

প্রাথমিকভাবে গ্রেনেড দুটি মিয়ানমারে তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এগুলোর প্রকৃত উৎস, কীভাবে বিমানবন্দরের প্রধান ফটকের কাছে পৌঁছাল এবং কারা সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধান ফটকের নিরাপত্তায় সার্বক্ষণিক আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিনজন সশস্ত্র সদস্য দায়িত্ব পালন করেন। এমন নিরাপত্তাব্যবস্থার মধ্যেও গ্রেনেড দুটি কীভাবে সেখানে রাখা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিরাপত্তা জোরদার, চলছে অনুসন্ধান

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে এসআরবি-৫ জানিয়েছে, গ্রেনেড উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে গ্রেনেড দুটি বিমানবন্দরের সামনে রাখার উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।