মিশরের গিজা শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। সংঘর্ষের পর কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে পড়ে যায়।
দেশটির রেল কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি উল্টে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেন জরুরি সেবাকর্মীরা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে অংশ নেন। ঘটনাস্থলের ছবিতে উল্টে যাওয়া বগির ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকেই হাড় ভাঙা ও মাথায় আঘাতসহ গুরুতর জখম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের মধ্যে একটি ট্রেনের চালকও রয়েছেন।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দায়িত্ব পালনে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।
দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয় আশঙ্কা প্রকাশ করেছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সংঘর্ষের পর গিজা থেকে মিশরের দক্ষিণাঞ্চলগামী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে রেলপথ সচল করতে ঘটনাস্থলে ক্রেন পাঠিয়েছে কর্তৃপক্ষ। তবে কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনো জানানো হয়নি।
এর আগে ২০০২ সালে একই এলাকার কাছাকাছি মিশরের ইতিহাসে অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটে। সে সময় কায়রো থেকে লুক্সরগামী একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে সরকারি হিসাবে ৩৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়।
সর্বশেষ দুর্ঘটনার পর দেশটির রেলব্যবস্থার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পরিবহনমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।