কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর প্রচার-প্রচারণাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সালের ১২ মে জারি করা সরকারি প্রজ্ঞাপনে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাঁর ব্যাখ্যা অনুযায়ী, এ নিষেধাজ্ঞার মধ্যে গণমাধ্যমে প্রকাশনা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও অন্তর্ভুক্ত।
বিষয়টি সংবাদমাধ্যমগুলোর বিবেচনায় রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা
সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে স্লোগান দেওয়া এবং যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
তিনি অভিযোগ করেন, এসব সহিংস কর্মকাণ্ডের পেছনে একটি রাজনৈতিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে। অতীতেও ওই গোষ্ঠীর বিরুদ্ধে অগ্নিসংযোগ, গুম ও হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন এলাকায় ইতোমধ্যে সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সহিংসতায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথাও বলেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখার আশ্বাস
এর আগে বিজেসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে টেলিভিশন সাংবাদিকদের বেতন-ভাতা, পেশাগত নিরাপত্তা, সম্প্রচারমাধ্যমের আর্থিক সংকট এবং গণমাধ্যমের আধুনিকায়ন নিয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকার দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করে, যাতে সাধারণ মানুষ সঠিক তথ্য জানতে পারে।
তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কার্যক্রমে হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা নেই।
টেলিভিশন চ্যানেলের আয় বাড়াতে নতুন প্রস্তাব
মতবিনিময় সভায় প্রতিনিধিদল জানায়, দেশের অধিকাংশ বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজ্ঞাপনের আয়ের ওপর নির্ভরশীল। কিন্তু বর্তমান বিজ্ঞাপন বাজার থেকে পাওয়া অর্থ দিয়ে অনেক প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় ও সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ে আদায় করা সাবস্ক্রিপশন ফির একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব তুলে ধরা হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রচার খাতের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এ ধরনের উদ্যোগ নেওয়ার সুপারিশ রয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে।
প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে কমিশন যে সুপারিশগুলো তৈরি করেছে, সেখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নের আহ্বান জানান প্রতিনিধিরা।
গণমাধ্যম কমিশন গঠনের দাবি
বৈঠকে বার কাউন্সিলের আদলে একটি স্বতন্ত্র গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও দেওয়া হয়। প্রতিনিধিদলের মতে, এ ধরনের কমিশন প্রতিষ্ঠিত হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।
পাশাপাশি সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা, পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহি বাড়ানোর দাবি জানানো হয়।
প্রতিনিধিরা বলেন, পর্যাপ্ত বেতন ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সাংবাদিকদের পক্ষে স্বাধীনভাবে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে।
তথ্য প্রতিমন্ত্রী জানান, টেলিভিশন চ্যানেলের আয় বৃদ্ধি, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন ও বিদ্যমান নীতিমালা সংশোধনসহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধিদল প্রস্তাব দিয়েছে। দাবিগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকে প্রতিনিধিদল গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত কাজের পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।