কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী শারমিন সুলতানা শর্মীর বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে নিস্বর্গ হোসেন তূর্য মারা গেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শিশুটির মৃত্যু হয়। ছেলের মরদেহ শেষবারের মতো দেখতে শর্মীর প্যারোলে মুক্তি চেয়েছিল পরিবার। স্বজনদের দাবি, আবেদন মঞ্জুর না হওয়ায় তূর্যের মরদেহ কারাগারে নিয়ে যাওয়া হয়।
শনিবার (২৮ নভেম্বর) কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে মানবিক বিবেচনায় শর্মীকে কারাফটকে প্রায় দুই মিনিটের জন্য সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
রাজধানীর লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গত ৪ অক্টোবর গ্রেপ্তার হন শর্মী। সেদিন আদালতে নেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে তিনি বলেছিলেন, তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানকে নিয়মিত ওষুধ দিতে হয়। বাবা-মা ছাড়া তার দেখাশোনা করার মতো কেউ নেই। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানবিক বিবেচনায় তাঁর মুক্তির দাবি ওঠে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তূর্যের বাবা শাহাদাৎ হোসেন নিপু জানান, শনিবার আসরের নামাজের পর আজিমপুর ছাপড়া মসজিদে তূর্যের জানাজা হবে। পরে মোহাম্মদপুর কবরস্থানে দাদার কবরের পাশে তাকে দাফন করা হবে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।