অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত পারাপার ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টসহ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উদ্যোগে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, অবৈধ সীমান্ত পারাপার, অনুপ্রবেশ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি জোরদার করা হয়েছে গোয়েন্দা তৎপরতা।
সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। দলটির সঙ্গে সংশ্লিষ্ট কেউ যাতে অবৈধ পথে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা, অবৈধ সীমান্ত পারাপার বন্ধ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় বেনাপোলসহ সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিশেষ টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।