বড় বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফার ওপর ন্যূনতম ১৫ শতাংশ কার্যকর করহার নিশ্চিত করতে নতুন করব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সৌদি আরবের জাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (জাটকা) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, দেশের কর রাজস্ব সুরক্ষিত রাখা এবং আন্তর্জাতিক করনীতির সঙ্গে সামঞ্জস্য আনতে নতুন এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বহুজাতিক কোম্পানি গোষ্ঠীর বার্ষিক সমন্বিত আয় কমপক্ষে ৭৫০ মিলিয়ন ইউরো বা সমপরিমাণ সৌদি রিয়াল, সেসব প্রতিষ্ঠান এ করব্যবস্থার আওতায় আসবে।
তবে কর প্রযোজ্য হওয়ার আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুই বছরে সংশ্লিষ্ট কোম্পানি গোষ্ঠীর আয় নির্ধারিত সীমায় পৌঁছাতে হবে। মূল প্রতিষ্ঠানের সমন্বিত আর্থিক বিবরণীর ভিত্তিতে এ আয় হিসাব করা হবে।
নতুন ব্যবস্থায় যোগ্য বহুজাতিক কোম্পানির কার্যকর করহার ১৫ শতাংশের কম হলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মুনাফার ওপর ন্যূনতম করহার নিশ্চিত করা হবে।
সৌদি কর্তৃপক্ষের মতে, আন্তর্জাতিক করব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠা এবং বহুজাতিক কোম্পানিগুলোর কর এড়ানোর সুযোগ কমাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্বব্যাপী বড় বহুজাতিক কোম্পানিগুলোর জন্য ন্যূনতম করহার নির্ধারণের যে উদ্যোগ চলছে, সৌদি আরবের নতুন সিদ্ধান্ত তারই অংশ।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।