ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণাকে আবারও নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেছেন, ‘ডিসেম্বরে বাংলাদেশে কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীতই আসবে।’
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি শেখ হাসিনার মুখপাত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। ব্রিফিংয়ে এ প্রসঙ্গ ছাড়াও বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং পশ্চিমবঙ্গের কয়েকজন রাজনীতিকের সাম্প্রতিক বক্তব্য নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আলোচনা করবে বাংলাদেশ
পশ্চিমবঙ্গের অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যের বিষয়ে হুমায়ুন কবির বলেন, বিশ্বের সব দেশেই রাজনীতিতে কিছু ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন। তবে বাংলাদেশ এসব বক্তব্যের পরিবর্তে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্ক ও গুরুত্বপূর্ণ আলোচনায় গুরুত্ব দেবে।
তিনি জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই বাংলাদেশ আলোচনা করবে।
প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফেরানোর কথা জানালেন প্রতিমন্ত্রী
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং এ ক্ষেত্রে ভিয়েনা কনভেনশনের বিধান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান আগেই পরিষ্কার করা হয়েছে।
তিনি দাবি করেন, শেখ হাসিনার স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নেই। প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। এটিই তার দেশে ফেরার একমাত্র উপায় বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতও অস্বস্তিতে: হুমায়ুন কবির
ভারতে শেখ হাসিনার দীর্ঘদিনের অবস্থান প্রসঙ্গে হুমায়ুন কবির দাবি করেন, তার বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে ভারতও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
অতিথির সঙ্গে তুলনা করে তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ভারত তাকে সরিয়েও দিতে পারছে না, আবার তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সৃষ্ট সমস্যাও সামাল দিতে হচ্ছে।
ব্রিফিংয়ের শেষ দিকে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আবারও প্রশ্ন করা হলে রসিকতার সুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ডিসেম্বরে আর কেউ আসবে না। ডিসেম্বরে একমাত্র শীত আসবে। এটাই একমাত্র গ্যারান্টি।’
এ সময় শীতের প্রস্তুতি হিসেবে সাংবাদিকদের জাম্পার কিংবা হালকা জ্যাকেট কেনার পরামর্শও দেন তিনি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।