মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সেলিম মোল্লা (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চার বছরের এক শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ছাড়া আলমগীর নামে এক ব্যক্তি নদীতে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত সেলিম মোল্লা চরডুমুরিয়া এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে রয়েছেন একই এলাকার পাভেল হোসেনের চার বছর বয়সী ছেলে আব্দুর রহমান, সজীব (৩০) ও আবু খান (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া ও সামারচর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১১ নভেম্বরও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই বিরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবার আবারও সংঘর্ষে জড়ান উভয় পক্ষের সমর্থকরা।
সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেলিম মোল্লাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, নদীতে নিখোঁজ আলমগীরকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ কাজ করছে।
স্থানীয়দের তথ্যমতে, আওলাদ মোল্লা মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। রহিম মোল্লাও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকটি ককটেলও উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।