ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় আলোচনায় আসেন তার মেয়ে ডরিন।
বাবার নিখোঁজ ও হত্যাকাণ্ডের বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দেন তিনি। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতেও সরব ছিলেন ডরিন।
ডিবি সূত্র জানিয়েছে, মুনতারিন ফেরদৌস ডরিনের গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় বসবাস করতেন।
তবে ডরিনকে কোন মামলায় এবং ঠিক কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি ডিবি সূত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।