বরিশালের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে তিনি বাসায় ফেরেননি। বুধবারও (১৮ নভেম্বর) কর্মস্থলে অনুপস্থিত ছিলেন তিনি। ঘটনার পর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার নিয়মিত অফিস করেছেন বিচারক শেখ ফারহান নাদীম। তবে অফিস শেষে বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে বিষয়টি আদালত কর্তৃপক্ষকে জানানো হয়। বুধবার আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর খোঁজ নেওয়া শুরু হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোডের ফাতেমা সেন্টার এলাকায় ওই বিচারকের অবস্থানের তথ্য পাওয়া গেছে। একই দিন বিকেল ৫টার দিকে বাংলাবাজার এলাকায় মাস্ক পরা অবস্থায় তাঁকে রিকশায় যেতে দেখা গেছে বলেও দাবি করেছে সূত্রটি। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের কৌঁসুলি আবুল কালাম আজাদ জানান, বুধবার বিচারক শেখ ফারহান নাদীম আদালতে না আসায় খোঁজখবর নেওয়া হয়। পরে তাঁর নিখোঁজ থাকার বিষয়টি জানা যায়।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ বলেন, মঙ্গলবার বিকেল থেকে বিচারক নিখোঁজ রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, বিচারক নিখোঁজের ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।