বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহাসড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও নাশকতার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা নাশকতার মামলায় কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর ঢালে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একদল দুর্বৃত্ত।
এ সময় সড়কের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করা হয়। এতে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে পুলিশের অভিযোগ।
ওসি আরও জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি ও মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটানোর ঘটনায় নাশকতার মামলা দায়ের করা হয়। ওই মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।