গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর নিরাপত্তা শঙ্কায় খুলনা থেকে ঢাকাসহ বেশ কয়েকটি রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান জানান, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বাস ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় পরিবহন মালিকরা নিজ উদ্যোগে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসগুলো আপাতত বন্ধ রয়েছে। এর ফলে ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ীগামী বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, আরিচা-পাটুরিয়া ঘাট হয়ে কিছু বাস চলাচল করলেও ফরিদপুর মোড় এলাকায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কে বাস ভাঙচুরের ঘটনার পর ওই পথেও যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অনেকে বাস টার্মিনালে এসে নির্ধারিত গন্তব্যে যাওয়ার পরিবহন না পেয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর বাস চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।