বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। একই দিন পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা আরাফাত পরিবহনের একটি বাসে আগুন লাগে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উজিরপুরে এবং রাত সাড়ে ১১টার দিকে মঠবাড়িয়ায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভোরে উজিরপুরের বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় তিন অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। উপজেলার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মঠবাড়িয়ায় উপজেলা পরিষদসংলগ্ন বাসস্ট্যান্ডে আরাফাত পরিবহনের বাসটির পেছনে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন অন্য বাসের সহকারীরা। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, রাত ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান তাঁদের কর্মীরা। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে বাসটির পেছনের কিছু অংশ ও কয়েকটি আসন পুড়ে যায়।
মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও জানান, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নাশকতা হতে পারে বলে ধারণা করছেন তিনি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।