গোপালগঞ্জে চলমান সহিংসতা ও নিরাপত্তা সংকটের প্রভাবে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছে। এতে দৈনন্দিন টাকা পাঠানো, উত্তোলন ও অন্যান্য আর্থিক লেনদেন করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১০ নভেম্বর থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সংঘটিত সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে। এর প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্য ও আর্থিক সেবা কার্যক্রমেও।
মামলার বিবরণ অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি কাভার্ডভ্যান ভাঙচুরসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল ব্যাহত করা হয়। এ ছাড়া শহরের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।
সহিংসতায় ব্যাহত স্বাভাবিক কার্যক্রম
জেলার বিভিন্ন থানায় হামলা, সরকারি স্থাপনায় অগ্নিসংযোগ এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি কয়েকটি ব্যক্তিগত কার্যালয় ও দোকানপাটে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
আর্থিক লেনদেনে বিপাকে সাধারণ মানুষ
ধারাবাহিক সহিংসতা ও নিরাপত্তাজনিত সংকটে জেলার স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে মোবাইল ব্যাংকিং সেবায়।
মোবাইল আর্থিক সেবা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়ায় টাকা পাঠানো, নগদ অর্থ উত্তোলন ও দৈনন্দিন আর্থিক লেনদেনে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ গ্রাহকরা।
তবে কবে নাগাদ জেলায় মোবাইল ব্যাংকিং সেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।