ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ও উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ছায়েব আলীকে গ্রেপ্তারের জেরে থানায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গ্রেপ্তার ব্যক্তিকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। সংঘর্ষে অন্তত সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মোগড়া বাজার এলাকা থেকে ছায়েব আলীকে গ্রেপ্তার করে আখাউড়া থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, ছায়েব আলী আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গণঅভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেন। বর্তমানে তিনি দলটির আখাউড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর ছায়েব আলীকে থানায় নেওয়ার সময় তার সমর্থকেরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে উপজেলা এনসিপির নেতাকর্মী ও ছায়েব আলীর পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এতে থানার অন্তত সাত পুলিশ সদস্য আহত হন।
এদিকে ছায়েব আলীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা আখাউড়া থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
বিক্ষোভ চলাকালে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেন। পরে ধাওয়ার মুখে এনসিপির নেতাকর্মীরা থানা এলাকা ছেড়ে চলে যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় দায়ের করা একটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ছায়েব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারের পর থানায় প্রবেশ করে তাকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যরা আহত হন।
ওসি আরও জানান, গ্রেপ্তারের পর রোববার রাতেই ছায়েব আলীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।