ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে ফের সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধ শ্রমিকরা। একপর্যায়ে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হাড়িকেন এলাকায় এসব ঘটনা ঘটে। সংঘর্ষ ও অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনচালকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ছয়দানা ও হাড়িকেন এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর শিল্পাঞ্চলের ১০টি পোশাক কারখানায় বুধবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, শ্রীপুরের নতুন বাজার এলাকার এস এম নিটওয়্যার, বাঘের বাজারের গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং ভবানীপুরের ফকিরা গার্মেন্টসের শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার উৎপাদন ফ্লোরে অবস্থান নেন।
বাঘের বাজার এলাকার জেএল পোশাক কারখানায় সকাল ১০টার দিকে ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তাঁরা মহাসড়কে অবস্থান নেননি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের কারণে বুধবার সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এদিকে সংঘর্ষ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।