রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে দুজন আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১৩ নম্বরের বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ১০০ থেকে ১৫০ জনের একটি দল ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল, লিফটের আশপাশের অংশ এবং মিল্টনের ছবি ভাঙচুর করা হয়। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলেও বাধার মুখে পারেননি বলে দাবি সংশ্লিষ্টদের।
মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০-২৫ জন পুরুষ ও শতাধিক নারী অতর্কিত হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কার্যালয়ে থাকা নেতাকর্মীরা সরে যান।
তিনি অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরেই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক ছিলেন তাঁরা। পুলিশকে খবর দেওয়া হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।
মামুন পাটোয়ারীর দাবি, পরিকল্পিতভাবে মিল্টনকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কারণ, আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয়েই বেশি ভাঙচুর হয়েছে।
ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেন।
হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশের বক্তব্যও পাওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।