Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
বিনোদন

৫ ডিসেম্বর বিয়ে করছেন মিমি চক্রবর্তী? জল্পনা বাড়াল ভিডিও

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর মধ্যেই কলকাতার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি সেই আলোচনা আরও উসকে দিয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিনোদন অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে, আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে পারেন জনপ্রিয় এই অভিনেত্রী। এর মধ্যেই কলকাতার বিখ্যাত ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোরে মিমির উপস্থিতি সেই আলোচনা আরও উসকে দিয়েছে।

সম্প্রতি দক্ষিণ কলকাতায় সব্যসাচীর স্টোরে দেখা যায় মিমিকে। সাদা টি-শার্ট ও ডেনিম পরা অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। স্টোর থেকে বেরিয়ে স্টাইলিস্টকে জড়িয়ে ধরেন তিনি। এরপর গাড়িতে উঠে সেখান থেকে চলে যান। পুরো মুহূর্তটি ধরা পড়ে পাপারাৎজিদের ক্যামেরায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সব্যসাচী মুখোপাধ্যায় বলিউডের অন্যতম পরিচিত ফ্যাশন ডিজাইনার। দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, কিয়ারা আদভানি ও অদিতি রাও হায়দারিসহ একাধিক তারকার বিয়ের পোশাক তৈরি করেছেন তিনি। ফলে তাঁর স্টোরে মিমির উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে, তবে কি নিজের বিয়ের পোশাকের প্রস্তুতি শুরু করেছেন অভিনেত্রী?

কে হচ্ছেন মিমির জীবনসঙ্গী?

বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, বেশ কয়েক বছর ধরে সিদ্ধার্থ নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্কে রয়েছেন মিমি। তবে তিনি বিনোদন জগতের সঙ্গে যুক্ত নন বলেই শোনা যাচ্ছে।

সিদ্ধার্থ পেশাগতভাবে নৌবাহিনীর সঙ্গে যুক্ত বলে গুঞ্জন থাকলেও তাঁর পরিচয় ও পেশা সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। সম্পর্কের বিষয়েও মিমি কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

পাহাড়ে বিয়ের আয়োজনের গুঞ্জন

বিভিন্ন সূত্রের দাবি, নভেম্বরেই আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন মিমি ও সিদ্ধার্থ। এরপর আগামী ৫ ডিসেম্বর মূল বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে তাঁদের।

সম্ভাব্য বিয়ের স্থান হিসেবে শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ের নাম। জলপাইগুড়ির মেয়ে মিমির সঙ্গে পাহাড়ের রয়েছে আবেগের সম্পর্ক। তাই কলকাতার ব্যস্ততা এড়িয়ে নিরিবিলি পাহাড়ি পরিবেশে ঘরোয়া আয়োজনে বিয়ে করতে পারেন তিনি।

এমনকি আত্মীয়স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। তবে এসব তথ্যের কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

গুঞ্জন রয়েছে, কালিম্পংয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কলকাতায় ফিরে বন্ধু, সহকর্মী ও আত্মীয়স্বজনদের জন্য বিশেষ রিসেপশনের আয়োজন করতে পারেন মিমি ও সিদ্ধার্থ।

বিয়ের গুঞ্জনে নীরব অভিনেত্রী

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি চক্রবর্তী। প্রেম কিংবা সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায় না তাঁকে।

এবার বিয়ের খবর ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত অভিনেত্রী কিংবা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

ফলে আগামী ৫ ডিসেম্বর বিয়ের সম্ভাব্য তারিখ, পাত্রের পরিচয় এবং কালিম্পংয়ে আয়োজনের খবর আপাতত গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।

তবে সব্যসাচীর স্টোরে মিমির উপস্থিতির ভিডিও প্রকাশের পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। এখন সবার অপেক্ষা, বিয়ের জল্পনা নিয়ে কবে মুখ খুলবেন অভিনেত্রী।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।