Skip to content
সর্বশেষ
ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
রাজনীতি

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর বাঁ হাতে গুরুতর জখম হয়েছে। হামলার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে তাঁর বাঁ হাতে গুরুতর জখম হয়েছে। হামলার পর তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকায় একটি রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

হামলার সময় হাসিবের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় তাঁর স্ত্রীও ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

অটোরিকশা থামিয়ে চাপাতি দিয়ে হামলা

হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, হাসিব আল ইসলাম এক তরুণীর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রিসোর্টের সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় ভিডিও ধারণকারী এক ব্যক্তি তাঁকে উদ্দেশ করে গালাগাল ও আপত্তিকর মন্তব্য করতে থাকেন।

একপর্যায়ে অটোরিকশাটি থামানো হলে ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান। এরপর আবারও তাঁকে নিয়ে মন্তব্য করতে থাকেন।

কিছুক্ষণ পর হঠাৎ চাপাতি নিয়ে হাসিবের ওপর হামলা চালানো হয়। আঘাতের পর তিনি অটোরিকশা থেকে নেমে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

হামলায় তাঁর বাঁ হাতে গুরুতর জখম হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিসোর্টে ফিরে প্রাথমিক চিকিৎসা নেন হাসিব

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার তাঁদের রিসোর্ট ছাড়ার কথা ছিল।

তবে চেকআউটের আগেই রিসোর্টের সামনে হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি রিসোর্টের এক কর্মচারী জানান, মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার পথে হাসিব হামলার শিকার হন।

পরে তিনি রিসোর্টে ফিরে এলে তাঁর হাতে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত দেখতে পান কর্মচারীরা। এরপর রিসোর্ট কর্তৃপক্ষ তাঁর হাতে ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।

মামলার প্রস্তুতি নিচ্ছে এনসিপি

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস জানান, হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে করে কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন।

তাঁর ভাষ্য অনুযায়ী, হাসিব পরে আবার শ্রীমঙ্গলে ফিরবেন। তিনি ফিরে এলে থানায় মামলা দায়েরসহ পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রীতম দাসও নিশ্চিত করেন, হামলার সময় হাসিবের সঙ্গে থাকা নারী তাঁর স্ত্রী।

হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী জানান, তিনি হামলার বিষয়টি শুনেছেন। তবে তাঁর কাছে তখন পর্যন্ত কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে। হামলার পর হাসিব রিসোর্ট ছেড়ে চলে গেছেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে হামলাকারী হিসেবে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলোও কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

তবে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার কিংবা তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।