সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবালাকে যৌন হয়রানি এবং পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যের গায়ে থুতু দেওয়ার অপরাধে বাংলাদেশি এক যুবককে কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম খন্দকার মো. ইয়ামিন (২৩)। গত ২৩ নভেম্বর যৌন হয়রানি ও সরকারি দায়িত্ব পালনরত ব্যক্তির ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগে দোষ স্বীকারের পর তাকে মোট দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড দেওয়া হয়।
বিমানের ভেতরে যৌন হয়রানি
আদালতের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজের আসনে বসে থাকা অবস্থায় ইয়ামিন ২৬ বছর বয়সী এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে ওই অনাকাঙ্ক্ষিত স্পর্শ অব্যাহত ছিল বলে আদালতকে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।
এ ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ হয়ে ওই বিমানবালা ইয়ামিনকে আর স্পর্শ না করার নির্দেশ দেন। তবে কোনো জবাব না দিয়ে তার দিকে তাকিয়ে হাসেন ইয়ামিন। পরে বিষয়টি এক সহকর্মীকে জানান ওই বিমানবালা।
ওই দিন সকালে বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর পুলিশকে বিষয়টি জানানো হয়। পরে ইয়ামিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তী সময়ে ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পান তিনি।
পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ
মুক্তি পাওয়ার পর গত ৭ অক্টোবর আবারও অপরাধে জড়ান ইয়ামিন। ওই দিন মধ্যরাত সাড়ে ১২টার দিকে সিঙ্গাপুরের জালান বেরসেহ এলাকায় তাকে মদ্যপ অবস্থায় কান্নাকাটি ও অসংলগ্ন চিৎকার করতে দেখা যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে প্রায় অচেতন অবস্থায় দেখতে পায়। এ সময় তার নাক দিয়ে রক্ত ঝরছিল। চিকিৎসাকর্মীরা রক্তচাপ পরিমাপের চেষ্টা করলে তিনি অসহযোগিতা করেন।
পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আরও আক্রমণাত্মক আচরণ করেন। একপর্যায়ে তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করা এক পুলিশ সদস্যের গায়ে থুতু ছুড়ে মারেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যৌন হয়রানির ঘটনার দিন বিমানে ওঠার আগে ইয়ামিন তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন। তবে আদালতের নথিতে ওই ফ্লাইটের যাত্রা শুরুর স্থান উল্লেখ করা হয়নি।
পৃথক দুই ঘটনায় দোষ স্বীকারের পর সিঙ্গাপুরের আদালত তাকে মোট দুই মাস আট সপ্তাহের কারাদণ্ড দেন।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।