মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে লোকজনকে টেকনাফে নিয়ে আটকে রাখার পর গভীর সমুদ্রে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। একপর্যায়ে নির্যাতনের প্রতিবাদে পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজার উপকূলে ফিরে এসেছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টসংলগ্ন শৈবাল পয়েন্টে ট্রলারটি পৌঁছায়। পরে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয়দের সহায়তায় ২৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ২৪ জন পুরুষ, দুজন নারী ও দুজন শিশু রয়েছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, ট্রলারে মোট ৭২ জনকে বন্দি রাখা হয়েছিল। পাচারকারী চক্রের সদস্যরা সাতজনকে সাগরে ফেলে দিয়েছেন বলেও অভিযোগ করেছেন তারা। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভুক্তভোগীদের ভাষ্য, চাকরি ও বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে তাদের টেকনাফে নেওয়া হয়। সেখানে বিভিন্ন ঘরে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। কয়েক দিন পর ছোট নৌকায় করে গভীর সমুদ্রে থাকা বড় ট্রলারে তোলা হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয়।
উখিয়ার কোটবাজার এলাকার রিদুয়ান হোসাইন জানান, দুই বন্ধুকে নিয়ে পরিচিত এক ব্যক্তির কাছে বেড়াতে গিয়ে তিনি পাচারকারীদের ফাঁদে পড়েন। আট থেকে নয় দিন আটকে রাখার পর তাদের সমুদ্রে নেওয়া হয়। সেখানে সামান্য খাবার দিয়ে বন্দি রাখা হয়। তার দাবি, প্রত্যেকের কাছে প্রায় ৫০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল।
রিদুয়ান বলেন, মুক্তিপণের বিষয়ে কথা বলতে গেলে এক বয়স্ক ব্যক্তিকে মারধর করা হয়। এর প্রতিবাদে বন্দিদের সঙ্গে অস্ত্রধারীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে যাত্রীরা ট্রলারের নিয়ন্ত্রণ নিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।
উদ্ধার হওয়া কলা ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীরও ট্রলারে ৭২ জন থাকার দাবি করেন। তার অভিযোগ, পাচারকারীরা সাতজনকে সাগরে ফেলে দেন। পরে বন্দিরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
চকরিয়ার এক রাজমিস্ত্রি জানান, কাজের কথা বলে তাকে একটি বাসায় নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে আটকে রাখা হয়। অন্যদিকে মুক্তার হোসেন নামে এক ব্যক্তি জানান, তিন লাখ টাকায় মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দিয়ে তাকে কক্সবাজারে নেওয়ার পর বন্দি করা হয়।
স্বজনদের কাছেও মুক্তিপণ দাবি
অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকেও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সাইফুল ইসলাম জানান, প্রায় ১০ দিন ধরে নিখোঁজ ছেলেকে ফেরত দেওয়ার জন্য তার কাছে এক লাখ ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছেলেকে মিয়ানমারের দালালদের হাতে তুলে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
আরেক অভিভাবক আবু তাহের অভিযোগ করেন, মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে তার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আব্দুল আজিজসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
ভুক্তভোগী ও স্বজনরা মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার হওয়া ২৮ জনের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে পুলিশ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে ট্রলারে থাকা অন্য ব্যক্তিদের অবস্থান এবং সাতজনকে সাগরে ফেলে দেওয়ার অভিযোগের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।