দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সয়াবিন তেলের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পাম তেলের দাম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্যতেলের বর্তমান মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানি পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করে। এসব তথ্য পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন মূল্য নির্ধারণ করা হয়।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা সভায় জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য অপরিবর্তিত থাকায় আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।
আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর এবং আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।
এদিকে বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি বন্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বে থাকা খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।