Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিগত স্বার্থের সংঘাত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানকে দূরে রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতের ভিন্নতা স্বাভাবিক। তবে সেই ভিন্নতার কারণে যেন পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিগত স্বার্থের সংঘাত থেকে শিক্ষাপ্রতিষ্ঠানকে দূরে রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতের ভিন্নতা স্বাভাবিক। তবে সেই ভিন্নতার কারণে যেন পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন–২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এর সঙ্গে শিক্ষার মান কতটা বেড়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নে অধ্যক্ষদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ জোরদার এবং শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক পাঠদান চালুর ওপর গুরুত্ব দেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস ও অটোমেশনের প্রভাবে কর্মক্ষেত্র বদলে যাচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, উচ্চশিক্ষায় ব্যবহারিক ও কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে হবে। এ জন্য শিক্ষা ও শিল্প খাতের মধ্যে সমন্বয় বাড়ানো, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের অতিথি শিক্ষক হিসেবে যুক্ত করা এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ তৈরির প্রস্তাব দেন তিনি।

প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি সাহিত্য, ইতিহাস, দর্শন ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও যুক্তিবোধ বিকাশের ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। বিদেশি ভাষা শেখা, ক্যারিয়ার কাউন্সেলিং ও উদ্যোক্তা হওয়ার প্রস্তুতিতে কলেজগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

কলেজভিত্তিক শিক্ষক সংকট চিহ্নিত করে শূন্য পদ পূরণ, নিয়োগ ও পদায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে বলেন প্রধানমন্ত্রী। এ ছাড়া অসচ্ছল, প্রান্তিক জনগোষ্ঠীর ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়তা, কলেজে সৌরবিদ্যুতের ব্যবহার এবং বৃক্ষরোপণ বাড়ানোর আহ্বান জানান তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।