Skip to content
সর্বশেষ
ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রীয় সহযোগিতা অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের মাধ্যমে রাষ্ট্র তাদের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদানের মাধ্যমে রাষ্ট্র তাদের প্রতি দায়িত্ব পালনের চেষ্টা করছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যোদ্ধাদের বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। তবে এসব খেতাবের বাইরেও তাদের সবচেয়ে বড় অর্জন হলো একটি জাতির স্বাধীনতার সংগ্রামে অংশ নিয়ে বিজয় ছিনিয়ে আনা। ইতিহাসে এমন গৌরব অর্জনের সুযোগ সবার হয় না। এ কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বীরোচিত অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, উপস্থিত ব্যক্তিদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, আবার কারও পরিবারের সদস্য দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন। ফলে প্রত্যেকেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের অংশীদার।

স্বাধীনতা অর্জনে আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, লাখো মানুষের জীবন, অসংখ্য মা-বোনের সম্ভ্রম এবং অগণিত আহত মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে তিনি মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান রাষ্ট্রের দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্মানিত করার মাধ্যমে রাষ্ট্র কিছুটা হলেও নিজের দায় পূরণের চেষ্টা করছে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের যেকোনো অর্জন ও সাফল্য তাকে গর্বিত ও অনুপ্রাণিত করে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন।

মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিএনপি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধের গৌরব সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে।

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে ২০০২ সালে প্রণয়ন করা হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন। এসব উদ্যোগ মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সময়ের পরিক্রমায় অনেক বীর মুক্তিযোদ্ধা আজ বার্ধক্যে উপনীত হয়েছেন। বয়সের ভারে ক্লান্ত হলেও তাদের চোখে স্বাধীনতার চেতনা ও গৌরবের দীপ্তি এখনো অম্লান।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে প্রতিবছর আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানোর উদ্যোগ গ্রহণ করায় সশস্ত্র বাহিনী বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যের শেষাংশে প্রধানমন্ত্রী তারেক রহমান পুনর্ব্যক্ত করেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান, সহায়তা ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।