Skip to content
সর্বশেষ
ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকরা।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

মালয়েশিয়ায় অভিবাসন পাসের শর্ত লঙ্ঘনের ঘটনায় বিদেশি নাগরিকদের মধ্যে বাংলাদেশিদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি। ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে বাংলাদেশিদের বিরুদ্ধে এ ধরনের ৬ হাজার ৮৯৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন থাইল্যান্ডের নাগরিকরা।

বুধবার (২৫ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে লিখিত এক প্রশ্নের জবাবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল এ তথ্য জানান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

অভিবাসন আইন লঙ্ঘনে বিভিন্ন দেশের পরিসংখ্যান

স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সাল থেকে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় মোট ১৮ হাজার ৮৩৮টি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে বাংলাদেশিদের বিরুদ্ধে ৬ হাজার ৮৯৮টি, থাইল্যান্ডের নাগরিকদের বিরুদ্ধে ৪ হাজার ৮৫৬টি, ইন্দোনেশিয়ার নাগরিকদের বিরুদ্ধে ২ হাজার ১৫৪টি, চীনের নাগরিকদের বিরুদ্ধে ১ হাজার ২০৭টি, ভিয়েতনামের নাগরিকদের বিরুদ্ধে ১ হাজার ৪৬টি এবং পাকিস্তানের নাগরিকদের বিরুদ্ধে ৮২৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এ ছাড়া মিয়ানমারের নাগরিকদের বিরুদ্ধে ৫৩১টি, ভারতের নাগরিকদের বিরুদ্ধে ৫০০টি, নেপালের নাগরিকদের বিরুদ্ধে ৩২৮টি, লাওসের নাগরিকদের বিরুদ্ধে ১৭২টি এবং ফিলিপাইনের নাগরিকদের বিরুদ্ধে ১৫৭টি ঘটনা রেকর্ড করা হয়েছে। অবশিষ্ট ঘটনাগুলোতে অন্যান্য দেশের নাগরিকদের সংশ্লিষ্টতা রয়েছে।

সামাজিক ভিজিট পাসে মালয়েশিয়ায় প্রবেশ করে কাজ করার অভিযোগে ২০২৩ সাল থেকে আটক ১৫ হাজার ৩৪৯ জন বিদেশির জাতীয়তা ও কর্মক্ষেত্রভিত্তিক তথ্য জানতে চেয়েছিলেন বারিসান ন্যাশনালের সংসদ সদস্য দাতুক সেরি ড. উই কা সিয়ং। তার প্রশ্নের জবাবে এসব পরিসংখ্যান তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কর্মক্ষেত্রভিত্তিক তথ্য প্রকাশ করেনি মন্ত্রণালয়।

ভ্রমণ ভিসায় কাজ ও ব্যবসার সুযোগ নেই

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, সামাজিক ভিজিট পাস কিংবা পর্যটনের জন্য দেওয়া ভিসা অব্যাহতির সুবিধা কোনো বিদেশি নাগরিককে দেশটিতে কাজ বা ব্যবসা পরিচালনার অনুমতি দেয় না।

ইস্যু করা পাসের শর্তের বাইরে কোনো কার্যক্রমে যুক্ত হলে সংশ্লিষ্ট বিদেশি নাগরিকের বিরুদ্ধে ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি) ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে।

তিনি আরও জানান, বৈধ পাস ও ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশিদের কর্মসংস্থান কিংবা বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ নেই। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় লাইসেন্সের পাশাপাশি অভিবাসন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

পাঁচ মাসে পাঁচ হাজারের বেশি অভিযান

বিদেশিদের অবৈধ বাণিজ্যিক ও খুচরা ব্যবসা পরিচালনার অভিযোগে মালয়েশিয়ার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে অভিবাসন বিভাগের অভিযানসংক্রান্ত তথ্যও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৫৩টি অভিযান পরিচালনা করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এসব অভিযানে ৭২ হাজার ৮৫৪ জনকে তল্লাশি করা হয়।

পাসের শর্ত লঙ্ঘনের দায়ে নথিপত্রবিহীন ২ হাজার ৩০৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে। একই সময়ে বৈধ ভ্রমণ নথি বা পাস ছাড়া বিদেশিদের নিয়োগ দেওয়ার অভিযোগে ৮০১ জন নিয়োগকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া একই সময়ে ৭৫৯টি ‘অপস সেলের’ অভিযানে ২ হাজার ৩৩৮ জন, ৪০৯টি ‘অপস বেলাঞ্জা’ অভিযানে ৫৮৯ জন এবং ৭৫টি ‘অপস জাজা’ অভিযানে ৯০ জনকে আটক করা হয়েছে।

অভিবাসন আইন লঙ্ঘনে শূন্য সহনশীলতা

সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, পাস ও পারমিটের শর্ত লঙ্ঘন করে বিদেশিদের নিয়োগ কিংবা আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে—এমন ব্যবসাপ্রতিষ্ঠান ও নিয়োগকর্তাদের ওপর নজরদারি করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক ও নিয়োগকর্তাদের সতর্ক করার কার্যক্রমও চলছে।

তিনি বলেন, অভিবাসনসংক্রান্ত সুযোগ-সুবিধার যেকোনো অপব্যবহারের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে।

দেশের অর্থনীতি সুরক্ষা, মালয়েশিয়ার নাগরিকদের ব্যবসার সুযোগ রক্ষা এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান প্রয়োজন বলেও মন্তব্য করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: দ্য স্টার।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।