বরিশাল নগরের বুকেই গড়ে উঠেছে ময়লার এক বিশাল পাহাড়। দূর থেকে দেখলে মনে হবে, যেন কোনো প্রাকৃতিক টিলা। কিন্তু কাছে গেলেই বোঝা যায়, এটি কোনো পাহাড় নয়; বছরের পর বছর জমে থাকা নগরের পরিত্যক্ত বর্জ্যের স্তূপ। দুর্গন্ধ, ধোঁয়া আর দূষণে ভারী হয়ে আছে চারপাশের বাতাস। স্থানীয়দের কাছে জায়গাটি ‘ময়লাখোলা’ নামে পরিচিত।
কাউনিয়া হাউজিং এলাকার এই গার্বেজ গ্রাউন্ড এখন নগরবাসীর জন্য এক ভয়াবহ পরিবেশগত সংকটের নাম। ২০০৩ সালে কাউনিয়া হাউজিং এলাকায় কয়েক একর জমির ওপর গড়ে তোলা হয় বরিশাল নগরের এই বর্জ্য ফেলার স্থান। তখন এলাকাটি অনেকটাই জনবসতিহীন ছিল। নগরের বাসাবাড়ি, বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রতিদিন সংগ্রহ করা বর্জ্য বছরের পর বছর এখানে ফেলা হয়েছে। কিন্তু বর্জ্যের বড় অংশ পুনর্ব্যবহার কিংবা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াজাত করার ব্যবস্থা না থাকায় ক্রমেই জমতে থাকে ময়লার স্তূপ। সময়ের সঙ্গে সেই স্তূপ রূপ নিয়েছে বিশাল ময়লার পাহাড়ে।
একসময় জনমানবহীন থাকা এলাকাটির আশপাশে এখন গড়ে উঠেছে আবাসিক বসতি, শিক্ষাপ্রতিষ্ঠান ও নানা স্থাপনা। ফলে ময়লার ভাগাড়ের একেবারে পাশে বসবাস করতে হচ্ছে অসংখ্য মানুষকে। প্রতিদিনের দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব, পচা বর্জ্যের ধোঁয়া আর দূষিত পরিবেশের সঙ্গে লড়াই করেই কাটছে তাঁদের জীবন। নগরের অন্য প্রান্তের মানুষ যেখানে নিজেদের ঘরকে নিরাপদ আশ্রয় মনে করেন, সেখানে এই এলাকার বাসিন্দাদের কাছে নিজের ঘরেও স্বস্তিতে নিশ্বাস নেওয়া কঠিন হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মো. মজিবুর রহমান সৈকত বলেন, দীর্ঘদিন ধরে আমরা কর্তৃপক্ষকে বলে আসছি ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নিতে। কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা দেখতে পাইনি। এই ময়লাখোলার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রতিনিয়ত দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে। এখানকার পরিবেশ ও মানুষের স্বাস্থ্য নিয়ে আমরা চরম উদ্বিগ্ন।
বিশেষ করে শিশু ও বয়স্কদের নিয়ে সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। এই ময়লার পাহাড় শুধু আশপাশের বাসিন্দাদের দুর্ভোগের কারণ নয়, জীবিকার তাগিদে এখানে কাজ করা মানুষগুলোর জীবনও প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। স্তূপের মধ্যে খাবারের উচ্ছিষ্ট, প্লাস্টিক, কাচ, ধাতব বস্তুসহ নানা ধরনের বর্জ্য ঘেঁটে পুনর্ব্যবহারযোগ্য জিনিস সংগ্রহ করেন তাঁরা। এর বিনিময়ে যা পাওয়া যায়, তা দিয়েই চলে সংসার।
ময়লা সংগ্রহের কাজ করা সালমা বেগম বলেন, পেটের দায়ে ময়লার ভেতরেই কাজ করি। এখান থেকে প্লাস্টিক, বোতল ও বিক্রি করা যায় এমন জিনিসপত্র কুড়িয়ে নিয়ে বিক্রি করি। অনেক সময় কাচে হাত-পা কেটে যায়। দুর্গন্ধে ঠিকমতো নিশ্বাস নিতে পারি না। খাবারের প্রতিও রুচি থাকে না, ক্ষুধাও কমে যায়। তবু কাজ করতে হয়। কাজ না করলে সংসার চলবে কীভাবে?
এর চেয়ে কষ্টের কাজ আর কী হতে পারে! ময়লার ভাগাড়ের প্রভাব পড়ছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানেও। এখানে ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দুর্গন্ধের কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয়কেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর দুর্গন্ধের তীব্রতা বেড়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।
কাউনিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, এখানে দুর্গন্ধের মধ্যে বসবাস করা সত্যিই কঠিন। বিশেষ করে সন্ধ্যার পর গন্ধের তীব্রতা অনেক বেড়ে যায়। পড়াশোনায়ও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এখানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা প্রতিনিয়ত এই পরিবেশের মধ্যে সময় কাটাচ্ছে। দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য শুধু দুর্গন্ধই ছড়ায় না, এর ভেতরে তৈরি হতে পারে বিভিন্ন ধরনের ক্ষতিকর গ্যাস।
বিশেষজ্ঞদের মতে, অক্সিজেনের স্বল্পতায় জৈব বর্জ্য পচে মিথেন তৈরি হয়। এটি অত্যন্ত দাহ্য এবং শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এ ছাড়া বর্জ্য পচনের ফলে হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়ার মতো গ্যাস তৈরি হতে পারে। হাইড্রোজেন সালফাইড থেকে পচা ডিমের মতো দুর্গন্ধ সৃষ্টি হয়। বেশি ঘনত্বে এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। অ্যামোনিয়ার সংস্পর্শে চোখ, নাক ও শ্বাসতন্ত্রে জ্বালাপোড়া দেখা দিতে পারে।
এ ছাড়া বর্জ্যের স্তূপ থেকে নির্গত লিচেট বা দূষিত তরল মাটির ভেতর চুইয়ে ভূগর্ভস্থ পানিতে মিশে যাওয়ার আশঙ্কা থাকে। বর্জ্য খোলা জায়গায় পোড়ানো হলে ধোঁয়ার সঙ্গে সূক্ষ্ম কণা ও অন্যান্য ক্ষতিকর দূষক বাতাসে ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন এমন পরিবেশে বসবাস করলে শ্বাসতন্ত্রের সমস্যা, চোখের জ্বালাপোড়া এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ও আগে থেকেই শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য এমন পরিবেশ বেশি ঝুঁকিপূর্ণ।
নগর বিশেষজ্ঞদের মতে, শুধু ময়লার ভাগাড় অন্যত্র সরিয়ে নিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। প্রয়োজন পরিকল্পিত ও বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা। বাসাবাড়ি, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহের সময়ই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করতে হবে। জৈব বর্জ্য থেকে কম্পোস্ট বা জৈবসার এবং উপযুক্ত প্রযুক্তিতে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব।
পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য প্রক্রিয়াজাত করার পাশাপাশি অবশিষ্ট বর্জ্য পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে নিষ্পত্তি করতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে নগর বর্জ্যকে এখন আর কেবল ফেলে দেওয়ার বস্তু হিসেবে বিবেচনা করা হয় না। বরং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পদে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্জ্য থেকে জৈবসার, বায়োগ্যাস, জ্বালানি এমনকি বিদ্যুৎ উৎপাদনেরও সুযোগ রয়েছে।
বরিশালেও দীর্ঘদিন ধরে বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথা শোনা গেলেও তা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে প্রতিদিন নগরে উৎপন্ন বিপুল পরিমাণ বর্জ্যের বড় অংশ শেষ পর্যন্ত গিয়ে জমা হচ্ছে কাউনিয়া হাউজিংয়ের এই ভাগাড়ে।
কাউনিয়া হাউজিংয়ের দীর্ঘদিনের এই সংকট নিরসনে নতুন জায়গায় গার্বেজ গ্রাউন্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
তিনি বলেন, কাউনিয়া হাউজিংয়ের গার্বেজ গ্রাউন্ড অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে আলোচনা চলছে এবং একটি চুক্তিও হয়েছে। বর্জ্যকে রিসাইক্লিং ও প্রক্রিয়াজাত করার মাধ্যমে গ্যাস, সার ও বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। পরিকল্পিতভাবে বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে নগরের পরিবেশ সুরক্ষার পাশাপাশি বর্জ্যকেও সম্পদে পরিণত করা সম্ভব হবে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।