রাজধানীর মগবাজার ও হাতিরঝিলে শনিবার (২৮ নভেম্বর) রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হননি। একই দিন পৃথক ঘটনায় মিরপুরে একটি বাসে এবং মোহাম্মদপুরের বসিলায় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
পুলিশ জানায়, রাত ৮টা ৫০ মিনিটের দিকে মগবাজারে নাভানা রিয়েল এস্টেটের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় একই সময়ে হাতিরঝিলের মধুবাগসংলগ্ন এলাকায়ও ককটেল বিস্ফোরণের খবর পায় পুলিশ। হাতিরঝিল থানা-পুলিশ মগবাজারের ঘটনাস্থল থেকে বিস্ফোরণের আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বরে তিতাস পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসটির কয়েকটি আসন পুড়ে যায়।
শনিবার ভোরে মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইনসের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গ্যারেজে রাখা একটি গাড়িতেও আগুন দেওয়া হয়। আগুনে গাড়িটির কয়েকটি আসন পুড়ে যায়।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।