Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
অর্থনীতি

আসছে নতুন আইন

ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না এমপি-মন্ত্রীরা

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকার সুযোগ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যাংক পরিচালনায় পারিবারিক প্রভাব কমানো এবং পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ সীমিত করার প্রস্তাব করা হয়েছে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকার সুযোগ বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ব্যাংক পরিচালনায় পারিবারিক প্রভাব কমানো এবং পরিচালকদের দায়িত্ব পালনের মেয়াদ সীমিত করার প্রস্তাব করা হয়েছে।

এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হতে পারে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, মন্ত্রী, মন্ত্রী সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। পাশাপাশি রাজনৈতিক পদধারী ব্যক্তিরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কিংবা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও নিয়োগ পাবেন না।

বর্তমানে একটি ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ তিনজন সদস্য থাকার সুযোগ রয়েছে। নতুন খসড়ায় তা কমিয়ে দুজন করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান থেকে প্রতিনিধি পরিচালকের সংখ্যাও দুজন থেকে একজন করার কথা বলা হয়েছে।

এ ছাড়া ব্যাংকের পরিচালকদের একটানা দায়িত্ব পালনের সর্বোচ্চ মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করার প্রস্তাব রয়েছে। ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হওয়া যাবে না।

পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে তিন থেকে চারজন এবং ২০ জনের কম সদস্যের পর্ষদে তিনজন স্বতন্ত্র পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের প্রভাবমুক্ত থাকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

অন্যদিকে, বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যদের একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার ধারণের সুযোগ নেই। প্রস্তাবিত আইনে কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হয়েছে। তবে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে বিদ্যমান সীমা বহাল থাকবে।

নতুন খসড়ায় আরও বলা হয়েছে, কোনো পরিচালক পদ ছাড়লেও দায়িত্ব পালনকালে ব্যাংক থেকে নেওয়া ঋণের সম্পূর্ণ বকেয়া পরিশোধ করতে হবে। ঋণ পুনঃতপশিলের মাধ্যমে নিয়মিত করার সুযোগ থাকবে না।

পাশাপাশি কোনো পরিচালক একটানা তিন মাসের বেশি পর্ষদ সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। বিশেষ অনুমতিতে বছরে সর্বোচ্চ একবার এ সময়সীমা অতিক্রমের সুযোগ রাখা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত পরিবর্তনগুলো কার্যকর হলে ব্যাংক পরিচালনায় রাজনৈতিক ও পারিবারিক প্রভাব কমানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।