মহান বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী ১ ডিসেম্বর রাজধানী ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে এসব কর্মসূচির উদ্বোধন করা হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে নতুন করে সহিংসতা ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার অনুসারীরা দেশের বিভিন্ন স্থানে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন। সাম্প্রতিক সহিংসতায় কৃষক দলের দুজন ও ভাঙ্গার একজন নেতাসহ বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
সরকারের ভূমিকা নিয়ে যা বললেন রিজভী
বর্তমান সরকারের কার্যক্রম তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ দীর্ঘদিনের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে।
তিনি দাবি করেন, বিভিন্ন সহিংসতা ও উসকানির পরও সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগের পথ বেছে নেয়নি। বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এই ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গঠনের কথাও উল্লেখ করেছেন। রিজভীর মতে, এসব বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থানকে আরও প্রশ্নের মুখে ফেলেছে।
ভারতীয় মন্ত্রীর কথিত মন্তব্যের প্রতিবাদ
ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যারা
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি উপস্থিত ছিলেন।
এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন ও সদস্য সচিব এসএম জাহাঙ্গীর এমপি, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিসসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।