Skip to content
সর্বশেষ
ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্যপ্রযুক্তি

পৃথিবীর আকাশে নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বরের শুরু পর্যন্ত

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে প্রায় দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু। ‘২০২৬ কিউকিউ৮’ নামের মহাজাগতিক বস্তুটিকে বিজ্ঞানীরা পৃথিবীর অস্থায়ী ‘ক্ষুদ্র চাঁদ’ হিসেবে বর্ণনা করছেন। আগামী ডিসেম্বরের শুরুতে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে আবার সূর্যকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়েছে প্রায় দুই মিটার ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু। ‘২০২৬ কিউকিউ৮’ নামের মহাজাগতিক বস্তুটিকে বিজ্ঞানীরা পৃথিবীর অস্থায়ী ‘ক্ষুদ্র চাঁদ’ হিসেবে বর্ণনা করছেন। আগামী ডিসেম্বরের শুরুতে এটি পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে আবার সূর্যকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গত এপ্রিলে গ্রহাণুটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে আটকা পড়ে। তবে আকারে অত্যন্ত ছোট এবং আলো কম প্রতিফলিত করায় এটি শনাক্ত করা কঠিন ছিল। প্রথমদিকে বস্তুটি কোনো অকেজো কৃত্রিম উপগ্রহের অংশ কি না, তা নিয়েও সন্দেহ তৈরি হয়।

গত আগস্টে হাঙ্গেরির কনকোলি মানমন্দিরের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্তিয়ান সারনেস্কি বস্তুটি শনাক্ত করেন। প্রাথমিকভাবে এর নাম দেওয়া হয় ‘সার২৯০১’। পরবর্তী সময়ে কক্ষপথ ও গতিবিধি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন, এটি একটি প্রাকৃতিক গ্রহাণু। অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘের ক্ষুদ্র গ্রহকেন্দ্র এটিকে আনুষ্ঠানিকভাবে তালিকাভুক্ত করে।

বিজ্ঞানীরা জানান, ‘ক্ষুদ্র চাঁদ’ কোনো আনুষ্ঠানিক জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা নয়। পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে সাময়িকভাবে আটকা পড়া ছোট মহাজাগতিক বস্তুকে সাধারণভাবে এ নামে ডাকা হয়। এর আগে ‘২০০৬ আরএইচ১২০’ ও ‘২০২০ সিডি৩’ নামের দুটি গ্রহাণুও পৃথিবীর অস্থায়ী সঙ্গী হয়েছিল।

যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র গ্রহকেন্দ্রের পরিচালক ম্যাথিউ পেইনের মতে, পৃথিবীর আশপাশে এ ধরনের ক্ষুদ্র গ্রহাণুর উপস্থিতি অস্বাভাবিক নয়। কোনোটি কয়েক সপ্তাহ, আবার কোনোটি কয়েক মাস পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবে অবস্থান করে।

গবেষকদের ধারণা, এসব গ্রহাণুর অধিকাংশের উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির মধ্যবর্তী গ্রহাণুবলয়ে। দীর্ঘ সময় ধরে মহাকর্ষীয় প্রভাবে কক্ষপথ পরিবর্তিত হয়ে কিছু গ্রহাণু পৃথিবীর কাছাকাছি চলে আসে।

তবে ‘২০২৬ কিউকিউ৮’ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এটি পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা নেই। এমনকি বায়ুমণ্ডলে প্রবেশ করলেও ছোট আকারের কারণে পুড়ে ভেঙে যাওয়ার কথা।

এদিকে চিলির ভেরা সি রুবিন মানমন্দিরের দীর্ঘমেয়াদি আকাশ জরিপের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের আরও অসংখ্য ক্ষুদ্র গ্রহাণু শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করছেন গবেষকেরা।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।