শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। নিহত ইব্রাহিম যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষ হয়। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা সেতু এলাকায় অবরোধ করলে বিএনপির সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে আসেন। সেখানে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় এলাকায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের পাশাপাশি প্রায় ২০টি মোটরসাইকেল এবং দুটি খাবারের দোকানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এতে প্রায় দেড় ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।
জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, নাশকতার আশঙ্কায় শুক্রবার থেকে বিএনপির নেতাকর্মীরা পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন। রোববার সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তাঁরা।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।