দক্ষিণ কোরিয়ায় ইসলাম ধর্মের প্রতি স্থানীয় নাগরিকদের আগ্রহ বাড়ছে। দেশটিতে জন্ম ও বেড়ে ওঠা প্রায় ৪৫ হাজার জাতিগত কোরীয় নাগরিক ইসলাম গ্রহণ করেছেন বলে জানা গেছে। তাদের মধ্যে তরুণদের সংখ্যা উল্লেখযোগ্য। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম দ্য কোরিয়া টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী সিউলের ইতাওন এলাকায় অবস্থিত সিউল সেন্ট্রাল মসজিদে প্রতি মাসে পাঁচ থেকে ২৫ জন কোরীয় নাগরিক ইসলাম সম্পর্কে জানতে আসেন। তাদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
মসজিদে আগ্রহীদের ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে যারা ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন, তারা শাহাদাহ পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুসলিম হন।
২০১৪ সালে ইসলাম গ্রহণ করা ৩০ বছর বয়সী কোরীয় নাগরিক ইউসুফ জানান, দেশটির প্রতিযোগিতামূলক প্রেম ও বিয়ের সংস্কৃতি নিয়ে হতাশা থেকেও কিছু তরুণ ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছেন। তবে ধর্মান্তরিত হওয়ার পেছনে সবার কারণ এক নয়।
প্রতিবেদনে সাক্ষাৎকার দেওয়া কয়েকজন নারী জানান, এক আল্লাহর প্রতি বিশ্বাস, ইসলামের সরলতা এবং নৈতিক মূল্যবোধ তাদের আকৃষ্ট করেছে।
আরিয়াম নামের এক নারী বলেন, ইসলামে বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের যে শিক্ষা রয়েছে, তা কোরীয় সংস্কৃতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। ফলে পরিবারের কাছে নিজের ধর্ম পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করা তার জন্য তুলনামূলক সহজ হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় ইসলামের ইতিহাসও বেশ পুরোনো। প্রাচীন সিলা রাজবংশের সময় মুসলিম বণিকদের আগমন ঘটে। পরবর্তী সময়ে কোরীয় যুদ্ধের সময় তুরস্কের মুসলিম সেনাদের সংস্পর্শে স্থানীয়দের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সে সময় প্রথম ২৫০ জন স্থানীয় কোরীয় ইসলাম গ্রহণ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও কোরীয় মুসলিমদের উপস্থিতি বাড়ছে। মুসলিম ইনফ্লুয়েন্সাররা ধর্মীয় জীবনযাপন, সংস্কৃতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছেন। কেউ কেউ ঐতিহ্যবাহী কোরীয় পোশাক হানবকের সঙ্গে হিজাবের সমন্বয় ঘটিয়ে নতুন ফ্যাশনও জনপ্রিয় করছেন।
তবে ইসলাম গ্রহণের পর কিছু কোরীয় নাগরিক সামাজিক বৈষম্য ও বিচ্ছিন্নতার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন। এরপরও মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা নতুন পরিচয় ও আপনজন খুঁজে পেয়েছেন।
আরিয়ামের ভাষায়, সারা জীবন কোরিয়ায় বসবাস করলেও সিউলের মসজিদে গিয়ে প্রথমবার তার মনে হয়েছিল, তিনি যেন নিজের ঘরে ফিরে এসেছেন।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।