Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
জাতীয়

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকর সাংগঠনিক অবস্থান নেই।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। তাঁর দাবি, গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যকর সাংগঠনিক অবস্থান নেই।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আসলে এই নিষিদ্ধ আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে উনাদের কোনো অস্তিত্ব নাই।’

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করে দলটির সামনে রাজনীতি করার আর কোনো সুযোগ নেই।

শেখ হাসিনার দেশে ফেরার প্রচারকে ‘রাজনৈতিক ব্লাফ’ দাবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার প্রচারকে ‘রাজনৈতিক ব্লাফ’ বলে মন্তব্য করেন আন্দালিভ রহমান।

তাঁর দাবি, শেখ হাসিনার দেশে ফেরার প্রত্যাশা তৈরি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভ্রান্ত করা হচ্ছে। শেষ পর্যন্ত তিনি দেশে না ফিরলে দলটির হাজার হাজার নেতাকর্মী হতাশ হবেন।

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, এই বিষয় থেকে মানুষের মনোযোগ সরাতেই গোপালগঞ্জে সংঘাতের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। রাজনৈতিকভাবে ফিরে আসার মতো কোনো সাংগঠনিক প্রস্তুতি আওয়ামী লীগের মধ্যে দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।

তাঁর দাবি, বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম, ব্যাংক লুট কিংবা অতীতের মতো বড় ধরনের দুর্নীতির নতুন ঘটনা ঘটেনি। সরকারের এসব ইতিবাচক দিকও গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আন্দালিভ রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে। জাতীয় সংসদ কার্যকর রয়েছে এবং সরকার ও বিরোধী দল নিজ নিজ দায়িত্ব পালন করছে।

তাঁর অভিযোগ, আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতার উদ্দেশ্য হচ্ছে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম ও গণতান্ত্রিক অগ্রযাত্রা থেকে মানুষের দৃষ্টি সরানো।

তবে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান ও গোপালগঞ্জের ঘটনার উদ্দেশ্য সম্পর্কে মন্ত্রীর এসব বক্তব্য রাজনৈতিক মূল্যায়ন ও অভিযোগ। এ বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।