বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে। অনুকূল পরিস্থিতি বজায় থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটির কেন্দ্র সোমবার দুপুর ১২টায় ১১ দশমিক ৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৬ দশমিক শূন্য ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল।
এ সময় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তি সঞ্চয় করছে। গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাচ্ছে। এর প্রভাবে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে।
চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত
সমুদ্রের বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
নিম্নচাপটির গতিপথ ও শক্তি বৃদ্ধির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবহাওয়া অধিদপ্তর।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।