Skip to content
সর্বশেষ
ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিক্ষা

ক্যাম্পাসে অচলাবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অবরুদ্ধ, বের হতে পারছেন না কর্মকর্তারাও

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারীদের অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ কর্মকর্তারা গাজীপুরের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

পুরো সংবাদ শুনুন

ডিভাইসে বাংলা voice থাকতে হবে। সেটআপ নির্দেশনা ↗

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারীদের অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহসহ কর্মকর্তারা গাজীপুরের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

সোমবার (১৬ নভেম্বর) সকালে উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে তাঁর দপ্তরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে পুরো ক্যাম্পাস লকডাউন ঘোষণা করেন তাঁরা। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।

সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যসহ কর্মকর্তারা ক্যাম্পাসে অবরুদ্ধ ছিলেন। প্রধান ফটক বন্ধ থাকায় অফিসের নির্ধারিত সময় শেষ হলেও তাঁরা বের হতে পারেননি।

এর আগে রোববার (১৫ নভেম্বর) থেকে জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবিতে আন্দোলন শুরু করেন পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা।

আদালতের রায় বাস্তবায়নের দাবি

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের পুনর্বহাল এবং চাকরিচ্যুতি থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু চাকরিতে ফেরার পরও তাঁরা রায় অনুযায়ী প্রাপ্য সুবিধা পাচ্ছেন না।

তাঁদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকলেও পুনর্বহাল হওয়া ব্যক্তিদের জ্যেষ্ঠতা নির্ধারণ, পদোন্নতি ও বকেয়া পাওনা পরিশোধে দীর্ঘসূত্রতা চলছে।

একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে আন্দোলনকারীরা বিদ্যমান পে-স্কেল অনুযায়ী বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর পুনর্বহাল

জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাঁদের পুনর্বহালের নির্দেশ দেন।

তবে আদালতের রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে পুনরায় আন্দোলনে নেমেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

কর্তৃপক্ষ বলছে, পাওনা পরিশোধে প্রক্রিয়া অনুসরণ করতে হবে

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধে কর্তৃপক্ষ আন্তরিক।

তাঁর ভাষ্য অনুযায়ী, অর্থ পরিশোধের জন্য নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আন্দোলনকারীরা সেই প্রক্রিয়ার অপেক্ষা না করে তাৎক্ষণিকভাবে অর্থ পরিশোধের চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

পাঠকের মতামত

কমেন্ট করুন

সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।

0 মন্তব্য

আপনার মতামত লিখুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।