চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। আগামী সপ্তাহে চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে হোয়াইট হাউসের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের তিন প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধানদের সম্ভাব্য বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও বৈশ্বিক নিরাপত্তার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এপেক সম্মেলনে অংশ নিতে আগামী বুধবার রাতে শেনজেনে পৌঁছাবেন। সম্মেলনের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়টি আলোচনার অন্যতম প্রধান ইস্যু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন, বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক এবং এ ঝুঁকি কমাতে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সম্ভাব্য বৈঠকে ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চলমান ইউক্রেন যুদ্ধ আলোচনার মূল বিষয়সূচিতে থাকার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে রাশিয়া ও চীনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বার্তা সংস্থা এপি ও রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠক শেষে বড় ধরনের কোনো চুক্তি বা আনুষ্ঠানিক সমঝোতার প্রত্যাশা করছে না ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এমন ইঙ্গিত দিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, এপেকের ২১ সদস্য অর্থনীতির প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনের সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার পৃথক দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।
২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ট্রাম্প ও শি জিনপিংয়ের চতুর্থ বৈঠক হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
হোয়াইট হাউসের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, চীন সফরের শেষ পর্যায়ে পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার মধ্য দিয়ে সফর শেষ করার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।
তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে মতপার্থক্য থাকায় সম্ভাব্য এ বৈঠক কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আলোচনা থেকে কোনো নির্দিষ্ট সমঝোতা আসবে কি না, তা এখনো অনিশ্চিত।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।