গ্রিস থেকে ৫১ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ২৭ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ করে বাংলাদেশিদের অবৈধভাবে গ্রিসে প্রবেশ ও অবস্থানে উৎসাহিত করার অভিযোগ রয়েছে।
গ্রিসের সংবাদমাধ্যম প্রোটো থেমার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত বাংলাদেশি যুবক গত জুনে গ্রিসের নাফপ্লিও এলাকায় একটি ভিডিও ধারণ করেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বাংলাদেশিদের গ্রিসে যাওয়ার আহ্বান জানান।
ভিডিওতে তিনি দাবি করেন, নাফপ্লিও এলাকায় কাজের সুযোগ রয়েছে। এমনকি বৈধ কাগজপত্র না থাকলেও সেখানে পুলিশি তল্লাশার মুখে পড়তে হবে না। দীর্ঘদিন অনুমতি ছাড়া অবস্থান করলেও কোনো সমস্যা হবে না বলে আশ্বাস দেন তিনি।
ভিডিওটি প্রকাশের পর বিষয়টি গ্রিসের অভিবাসন কর্তৃপক্ষের নজরে আসে।
গ্রিসের অভিবাসন ও আশ্রয়বিষয়ক মন্ত্রী থানস প্লেভরিস এ ধরনের প্রচারণার সমালোচনা করেন। তাঁর মতে, এমন বক্তব্য দেশটির অভিবাসন নীতি সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। পাশাপাশি মানব পাচারকারী চক্রও এসব প্রচারণাকে কাজে লাগাতে পারে।
বসবাসের অনুমতি বাতিলের পর ফেরত পাঠানো হয়
প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গ্রিসের পুলিশ ওই বাংলাদেশি যুবককে শনাক্ত করে। এরপর তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয় এবং বসবাসের অনুমতি বাতিলের উদ্যোগ নেওয়া হয়।
গত ২৬ জুন তাঁর বসবাসের অনুমতি বাতিলের ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, গ্রিসে বৈধভাবে থাকার সুযোগ পেতে ওই যুবক তিনবার আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে প্রতিবারই তাঁর আবেদন প্রত্যাখ্যাত হয়।
একটি বেসরকারি সংস্থার দুই আইনজীবী আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে গ্রিসে অবস্থানের সুযোগ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ সফল হয়নি।
পরে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। একই ফ্লাইটে আরও ৫০ বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে গ্রিস কর্তৃপক্ষ।
তবে অন্য ৫০ জনকে কী কারণে ফেরত পাঠানো হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। তাঁদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হয়েছিল, নাকি বৈধ বসবাসের অনুমতি না থাকার কারণে ফেরত পাঠানো হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
গ্রিস থেকে বিদেশি নাগরিক ফেরত পাঠানোর সংখ্যা বেড়েছে
প্রোটো থেমার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে গ্রিস থেকে মোট ২ হাজার ৬৩৮ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
২০২৫ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ২০৭ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে ফেরত পাঠানোর সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে।
একই সময়ে জোরপূর্বক বহিষ্কারের সংখ্যা বেড়েছে ৪১ শতাংশ।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে গ্রিস সরকার আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি, বৈধ অনুমতি ছাড়া অবস্থানকারীদের ফেরত পাঠানো এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে।
অভিবাসন নীতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশটি বিদেশি নাগরিকদের অবস্থানের বৈধতা যাচাই ও প্রত্যাবাসন কার্যক্রম জোরদার করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।