বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার আনতে যাচ্ছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে আবেদন ফরমে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হবে।
পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসায়িক প্রয়োজনে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় প্রচলিত পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘ভিজিটর ভিসা’। এর আওতায় পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগও বাড়বে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ভিসাব্যবস্থা সংস্কারের কাজ শুরু করে ভারত সরকার। নতুন কাঠামো তৈরির আগে বিভিন্ন উন্নত দেশের ভিসানীতি ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করা হয়েছে।
পর্যটক ভিসার পরিবর্তে আসছে ‘ভিজিটর ভিসা’
নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম হবে ‘ভিজিটর ভিসা’। এটি দুটি উপশ্রেণিতে বিভক্ত থাকবে—ভি-১ ও ভি-২।
ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পর্যটনের পাশাপাশি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, স্বল্পমেয়াদি চিকিৎসা, সুস্থতা কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প ও যোগব্যায়ামের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে।
অন্যদিকে ভি-২ ভিসা দেওয়া হবে তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য। আবেদনকারীর যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর।
ভি-১ ভিসার সব সুবিধার পাশাপাশি ভি-২ ভিসায় পর্বতারোহণের সুযোগও থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর
চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া বিদেশি নাগরিকদের জন্যও ভিসার কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে।
নতুন ব্যবস্থায় চিকিৎসা ভিসা চারটি উপশ্রেণিতে ভাগ করা হবে।
- এম-১: আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য।
- এম-২: এম-১ ভিসাধারী রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।
- এম-৩: আয়ুষ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের জন্য।
- এম-৪: এম-৩ ভিসাধারী রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্য।
এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর নির্ধারণ করা হয়েছে। একই মেয়াদ ই-ভিসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। উভয় ধরনের ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ভারত সরকারের প্রত্যাশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নিতে যাওয়া বিদেশি রোগীদের ভোগান্তি কমবে।
বিশেষ করে বারবার চিকিৎসার জন্য ভারতে যেতে হয়, এমন রোগীদের নতুন করে ভিসা আবেদনের প্রয়োজন কমতে পারে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এসব পরিবর্তন আনা হচ্ছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য আলাদা সুবিধা
বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের জন্য শিক্ষার্থী ভিসাকে দুটি উপশ্রেণিতে ভাগ করা হচ্ছে।
এস-১ ভিসা দেওয়া হবে স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য।
অন্যদিকে এস-২ ভিসার আওতায় থাকবেন পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং শিক্ষা বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারীরা।
এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা পেতে পারেন।
এই ভিসাতেও একাধিকবার ভারতে প্রবেশের সুবিধা থাকবে।
ব্যবসায়িক ভিসায় নতুন দুই শ্রেণি
ব্যবসায়িক ভিসার কাঠামোও সহজ করা হচ্ছে। নতুন ব্যবস্থায় ব্যবসায়িক ভিসা থাকবে বি-১ ও বি-২—এই দুটি উপশ্রেণিতে।
বি-১ ভিসা মূলত দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্পপ্রতিষ্ঠান বা ব্যবসা গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য নির্ধারিত হবে।
অন্যদিকে বি-২ ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য। এর আওতায় উৎপাদন, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও চলচ্চিত্রের শুটিংয়ের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।
ভারতীয় প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হচ্ছে।
কারখানা স্থাপন, উৎপাদন কার্যক্রম চালু, মান নিয়ন্ত্রণ, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন এবং কারিগরি সহায়তার কাজে যুক্ত বিদেশিরা বি-২ শ্রেণির আওতায় ভিসা পেতে পারবেন।
এ ধরনের ভিসার জন্য অনলাইনেও আবেদন করা যাবে। আগে সংশ্লিষ্ট ই-ভিসা ব্যবস্থা ই-বি৪ নামে পরিচিত ছিল।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা
ভারতের বিদ্যমান ব্যবস্থায় বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা বিভিন্ন শ্রেণিতে ই-ভিসার সুবিধা পাচ্ছেন।
বর্তমানে ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে এই সুবিধা দেওয়া হয়। নতুন কাঠামো বাস্তবায়নের জন্য দেশটির তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন নিয়ম অনুযায়ী ভিসা দেওয়া শুরু হতে পারে।
নতুন ব্যবস্থায় থাকবে ৯ ধরনের ভিসা
সংস্কার করা কাঠামোয় ভিসার প্রধান শ্রেণিগুলো হবে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্য, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশিদের নির্ভরশীল সদস্য এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তিরা অন্তর্ভুক্ত থাকবেন।
এ ছাড়া আফগান নাগরিক এবং প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও এ শ্রেণির আওতায় রাখা হয়েছে।
বাংলাদেশি আবেদনকারীদের জন্য কী পরিবর্তন আসতে পারে?
নতুন ভিসানীতি কার্যকর হলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভারত ভ্রমণের আবেদন প্রক্রিয়া তুলনামূলক সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশেষ করে চিকিৎসা, ব্যবসায়িক কার্যক্রম, শিক্ষা এবং স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে আবেদনপত্রের জটিলতা কমতে পারে।
তবে বাংলাদেশি নাগরিকেরা নতুন কাঠামোর কোন কোন সুবিধা পাবেন, ভিসার মেয়াদ কত হবে কিংবা কোন শ্রেণিতে আবেদন করতে পারবেন, তা সংশ্লিষ্ট দেশের জন্য প্রযোজ্য নিয়ম ও ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নির্দেশনার ওপর নির্ভর করবে।
এখনো নতুন কাঠামোর পূর্ণাঙ্গ বাস্তবায়ন শুরু হয়নি। ফলে আবেদনকারীদের বিদ্যমান নিয়ম অনুসরণ করতে হবে।
ভারত সরকারের দাবি, এই সংস্কারের মূল উদ্দেশ্য ভিসাব্যবস্থার জটিলতা কমানো, আবেদন প্রক্রিয়া দ্রুততর করা এবং বিদেশি নাগরিকদের জন্য ভারতে যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করা।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।