নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে একটি মহিলা কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকন্যার ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের ব্যয় রাষ্ট্রকে বহনের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ নভেম্বর) নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আব্দুছ সালাম স্পেশাল কেস নম্বর ৫৪৩/২০২৬-এর রায়ে এ আদেশ দেন।
একই মামলায় ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় দণ্ডিত শিক্ষকের বড় ভাই মাইমন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মাদ্রাসায় ডেকে নিয়ে শিশুকে নির্যাতন
মামলার নথি ও এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে বসবাস করতেন। শিশুটি মদন উপজেলার পাথার বড়বাড়ি গ্রামের হজরত ফাতেমাতুজ্জহরা (রা.) মহিলা কওমি মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত।
ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক আমানুল্লাহ মাহমুদী স্থানীয় একটি জামে মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর শিক্ষক আমানুল্লাহ শিশুটিকে মসজিদের বারান্দা পরিষ্কার করতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন।
ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তী কয়েক দিনেও শিশুটি নির্যাতনের শিকার হয়।
চিকিৎসা পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে
২০২৬ সালের ১৮ এপ্রিল শিশুটির মা বাড়িতে এসে মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ করেন। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষায় শিশুটি ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানা যায়।
এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন।
পরবর্তী সময়ে শিশুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাকে সিলেট সরকারি শিশু ও কিশোরী নিরাপদ হেফাজত কেন্দ্রে পাঠানো হয়।
সেখানে গত ৩ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব নিশ্চিত
মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করে। পাশাপাশি এজাহার, শিশুটির জন্মসনদ, নিরাপদ হেফাজত কেন্দ্রের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি আদালতে দাখিল করা হয়।
মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবরেটরির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন।
আদালতের নির্দেশে দণ্ডিত শিক্ষক, নির্যাতনের শিকার শিশু এবং নবজাতকের নমুনা সংগ্রহ করে ডিএনএ প্রোফাইলিং করা হয়।
পরীক্ষার ফলাফলে নবজাতকের জৈবিক পিতা হিসেবে আমানুল্লাহ মাহমুদী শনাক্ত হন। আদালত এ প্রতিবেদনসহ অন্যান্য সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে সিদ্ধান্ত দেন।
শিক্ষকের কর্তৃত্বের অপব্যবহার নিয়ে আদালতের পর্যবেক্ষণ
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, একজন ধর্মীয় শিক্ষক ও মসজিদের ইমাম হিসেবে আসামি তাঁর দায়িত্ব ও কর্তৃত্বের অপব্যবহার করে অসহায় শিশুটির ওপর গুরুতর অপরাধ করেছেন।
অপরাধের ভয়াবহতা এবং উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ বিবেচনায় তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের যৌন নির্যাতন ও হয়রানির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আদালত।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, সাম্প্রতিক সময়ে আবাসিক ও অনাবাসিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতনের খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব ঘটনা সমাজে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি করছে।
এ ধরনের অপরাধ প্রতিরোধে ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির করা মামলায় হাইকোর্টের দেওয়া যৌন হয়রানি প্রতিরোধসংক্রান্ত নির্দেশনা কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন আদালত।
পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাসহ প্রয়োজনীয় সুরক্ষাব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
নবজাতকের ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রের
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৩ ধারা অনুযায়ী ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুকন্যার ভবিষ্যৎ সুরক্ষায় বিশেষ নির্দেশনা দিয়েছেন আদালত।
রায়ে বলা হয়েছে, নবজাতক তার মা ও মাতুলালয়ের অভিভাবকত্বে থাকবে। রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রে সে পিতা ও মাতার পরিচয়ে পরিচিত হওয়ার অধিকার পাবে।
একই সঙ্গে শিশুটির বিয়ে না হওয়া পর্যন্ত ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রকে বহন করতে হবে।
তবে রাষ্ট্র চাইলে পরবর্তী সময়ে ওই ব্যয় দণ্ডিত আসামির সম্পত্তি থেকে বকেয়া ভূমি রাজস্ব আদায়ের পদ্ধতিতে আদায় করতে পারবে। প্রয়োজনে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করেও অর্থ আদায়ের ব্যবস্থা নেওয়া যাবে।
আদালতের এ রায়ে দণ্ডিত শিক্ষকের শাস্তির পাশাপাশি নির্যাতনের শিকার শিশু ও তার নবজাতক সন্তানের সুরক্ষা এবং ভবিষ্যৎ জীবনযাপনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।