রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার কিরিশিনেফতেওর্গসিনতেজে (কিনেফ) ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে শোধনাগারটির তিনটি গুরুত্বপূর্ণ তেল প্রক্রিয়াকরণ ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর স্থাপনাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।
সোমবার (৯ নভেম্বর) রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত শোধনাগারটিতে এ হামলা হয় বলে জানিয়েছে ইউরোনিউজ।
লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো জানিয়েছেন, ওই অঞ্চলে ইউক্রেনের পাঠানো ১১৩টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোজস্ক শহরের একটি বহুতল ভবনের ছাদে আঘাত হানলে এক বাসিন্দা নিহত হন।
রাশিয়ার জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ স্থাপনা কিনেফ
কিনেফ রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এবং ওমস্কের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার। সুরগুতনেফতেগাজ গোষ্ঠীর মালিকানাধীন এ স্থাপনায় বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়, যা দেশটির মোট পরিশোধন সক্ষমতার প্রায় ৭ শতাংশ।
শোধনাগারটিতে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি, ফার্নেস অয়েল, বিটুমিন ও বিভিন্ন পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদিত হয়। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরেও এখান থেকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হয়।
স্থাপনাটির নকশাগত বার্ষিক পরিশোধন সক্ষমতা প্রায় ২ কোটি থেকে ২ কোটি ১০ লাখ টন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাতভর দেশটির ১৪টি অঞ্চল ও রুশ অধিকৃত ক্রিমিয়ায় মোট ৪৩০টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি ইউরোনিউজ।
ইউক্রেনেও রাশিয়ার ব্যাপক ড্রোন হামলা
রাশিয়ার তেল শোধনাগারে হামলার পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন অঞ্চলেও ড্রোন হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
ইউক্রেনের বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যা থেকে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩১৭টি ড্রোন পাঠায় রাশিয়া। এর মধ্যে ১০৫টি ছিল জেট ইঞ্জিনচালিত। হামলায় বান্দেরোল, দান-টি, গেরবেরাসহ বিভিন্ন ধরনের ড্রোন ব্যবহার করা হয়।
ইউক্রেনের দাবি, এসব ড্রোনের মধ্যে ২৭৬টি ভূপাতিত করা হয়েছে। তবে ৩১টি স্থানে ড্রোন আঘাত হেনেছে এবং আরও নয়টি স্থানে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে।
বিভিন্ন অঞ্চলে হতাহত, ক্ষতিগ্রস্ত স্থাপনা
সোমবার সকালে ইউক্রেনের বন্দরনগরী ওদেসায় একটি খাদ্যপণ্যের গুদামে ড্রোন হামলায় তিনজন নিহত ও একজন গুরুতর আহত হন।
দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় আরও দুজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
এ ছাড়া মঙ্গলবার রাতভর খারকিভ অঞ্চলে হামলায় শিশুসহ নয়জন আহত হন। জাপোরিঝঝিয়া শহর ও আশপাশের এলাকায় আহত হয়েছেন এক শিশুসহ ছয়জন।
পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ সাতজন আহত হয়েছেন। ওই হামলায় প্রতিবন্ধী শিশুদের একটি পুনর্বাসনকেন্দ্র ধ্বংস হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে।
অন্যদিকে সুমি অঞ্চলে একটি গাড়িতে রুশ হামলায় বিদ্যুৎ বিভাগের তিন কর্মী আহত হয়েছেন।
রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ড্রোন হামলায় উভয় দেশের জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। তবে দুই পক্ষের প্রকাশিত হামলা ও ড্রোন ভূপাতিত করার সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।