নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে পড়া ৬৩ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। একজনকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচতলাবিশিষ্ট মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় থাকা লাইব্রেরি ও অফিসকক্ষে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই পুরো ভবনে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এ সময় ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় অসুস্থ হয়ে পড়েন অনেক শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে ভর্তি ৬৩ শিক্ষার্থীর মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। তাঁদের একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাসপ্রশ্বাসে সহায়তা দেওয়া হচ্ছে।
প্রতিবেদনে গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮) নামে তিনজনের পরিচয় পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পাওয়া যায়। এরপর কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরি ও অফিসকক্ষের প্রায় ১৫ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
কমেন্ট করুন
সংবাদটি সম্পর্কে আপনার মতামত লিখুন। মন্তব্য প্রকাশের আগে পর্যালোচনা করা হতে পারে।